ফার্গুসন বারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফএর আয়ের একটা ভালো উত্স হয়ে উঠেছে অ্যালেক্স ফার্গুসনের পকেট! গত প্রায় দুই বছরে তিনবার আক্কেল সেলামি দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। অপরাধ একটাই। রেফারির সমালোচনা। এই করতে গিয়ে নিষেধাজ্ঞার পাশাপাশি এ পর্যন্ত ৪৫ হাজার পাউন্ড জরিমানাও গুনেছেন।তার পরও ঠোঁটকাটা স্যার ফার্গুসনের মুখ বন্ধ নেই। গত নভেম্বরে রেফারিকে ‘আনফিট’ বলে চার ম্যাচ নিষিদ্ধ আর ২০ হাজার পাউন্ড জরিমানা গোনা ফার্গুসন আবারও সমালোচনায় মুখর। এবার তাঁর শিকার মার্ক ক্লাটেনবার্গ। পরশু বার্মিংহাম ম্যাচে ড্র নিয়ে ফেরার পর রেফারির ওপর ক্ষোভ উগরেছেন ম্যানইউ কোচ। ম্যাচের ৮৬ মিনিটে দলের স্কটিশ মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন। এতেই যত রাগ তাঁর।‘এত লঘু অপরাধে কোনো খেলোয়াড়ের বহিষ্কার আমি দেখিনি। এটা একেবারেই হাস্যকর। আমি এই মৌসুমে মার্ক ক্লাটেনবার্গের ওপর নজর রেখেছি। আর্সেনাল-টটেনহাম ম্যাচেও তিনি একই কাজ করেছেন। ম্যাচে কাউকে না কাউকে তাঁর যেন মাঠ থেকে বের করে দিতেই হবে।’ম্যানইউয়ের সমতা ফেরানো গোলটি নিয়েও ঝামেলা হয়েছিল। লাইন্সম্যান অফসাইডের পতাকা উঁচিয়ে ধরেছিলেন। কিন্তু গোলটি আত্মঘাতী হওয়ায় রেফারি অফসাইড ধরেননি। এই সিদ্ধান্ত ম্যানইউকে একটি পয়েন্ট এনে দিলেও রেফারির নিস্তার নেই।তবে ফার্গুসনও বোধ হয় পার পাবেন না। গত নভেম্বরের শাস্তির দুই ম্যাচ ছিল স্থগিত নিষেধাজ্ঞা। নিয়ম অনুযায়ী এই সময়ের ভেতরে আবারও আচরণবিধি ভাঙলে ওই দুই ম্যাচ শাস্তি পাওয়ার কথা তাঁর। সেই শাস্তির খড়্গই এখন ঝুলছে ফার্গুসনের মাথার ওপর। এএফপি, ওয়েবসাইট।