ফার্গুসন-বেনিতেজ বাকযুদ্ধ
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটা নিশ্চিতই করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে পয়েন্ট তালিকার প্রথম তিনটি দলের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য লড়ছে চেলসি। আজ প্রিমিয়ার লিগের অন্যতম হাই প্রোফাইল ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের শীর্ষ এই দুই দল। তার আগে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছেন চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কোচ।গত পরশু চেলসির কোচ রাফা বেনিতেজকে খোঁচা দিয়ে অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন, ‘বেনিতেজ দলের চেয়ে নিজের কথা বেশি ভাবেন।’ এ কথার জবাবটা বেনিতেজও দিয়েছেন বেশ কঠোরভাবে। ইউরোপের অন্যতম সেরা ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের যতটা সফলতা পাওয়ার কথা ছিল তার কিছুই ফার্গুসন এনে দিতে পারছেন না বলে মন্তব্য করেছেন চেলসির এই কোচ। তাঁর ভাষায়, ‘ফার্গি ইউরোপের অন্যতম সেরা ক্লাবের কোচ। বিশাল অর্থের পারিশ্রমিক পান। সেই প্রত্যাশার তুলনায় ইউরোপে আরও বেশি সফল হওয়া দরকার ছিল তাঁদের। জানি না, সেটা তাঁরা করতে পেরেছেন কি না।’ ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগেও সেরা দল হতে পেরেছে কি না, তা নিয়েও সংশয় আছে বেনিতেজের। তিনি বলেছেন, ‘ধারাবাহিকতা রয়েছে বলেই ওরা চ্যাম্পিয়ন। তার পরও প্রশ্ন করতে চাই, ম্যানচেস্টার ইউনাইটেড কি তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে আছে? ওরা কি চেলসির চেয়ে এগিয়ে আছে? আমি কিন্তু ঠিক নিশ্চিত নই।’ ওয়েবসাইট