ফার্গুসন ‘কোচ অব দ্য ইয়ার’
২৬ বছরের কোচিং ক্যারিয়ারে অনেক কিছুই অর্জন করেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিদায়বেলায়ও নিজের এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নিয়েই অবসরে যাচ্ছেন ফার্গুসন। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের সেরা কোচের পুরস্কারটা উঠেছে এ সময়ের অন্যতম শ্রেষ্ঠ এই কোচের হাতে।গত রোববার ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ৫-৫ গোলের রোমাঞ্চকর এক ম্যাচ দিয়ে দীর্ঘ ২৬ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যালেক্স ফার্গুসন। এটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে তাঁর ১৫০০তম ম্যাচ। ক্যারিয়ারের শেষ মৌসুমটি ম্যানইউকে শিরোপা জিতিয়েই শেষ করেছেন এই স্কটিশ কোচ। আর তার স্বীকৃতিস্বরূপ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পুরস্কারটাও উঠতে যাচ্ছে ফার্গির হাতে। গতকাল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়ে লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাওয়ার্ড উইলকিনসন বলেছেন, ‘স্যার অ্যালেক্স ফার্গুসন নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন এবং ইংলিশ ফুটবলে যে অবদান রেখেছেন, তা বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন।’ এর আগে ১৯৯৯, ২০০১ ও ২০০৮ সালে এই পুরস্কারটা জায়গা করে নিয়েছিল ফার্গুসনের ট্রফি-কেসে। চতুর্থবারের মতো বর্ষসেরা কোচের এই পুরস্কার পাওয়ার পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে ফার্গুসন বলেছেন, ‘যেভাবে ক্যারিয়ারটা শেষ হলো তাতে আমি সত্যিই গর্বিত। কারণ এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। এটা সত্যিই অভিভূত হওয়ার মতো ব্যাপার।’ এ সময় নিজের বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। বলেছেন, ‘ওয়েস্ট ব্রম এ ম্যাচটিতে দুর্দান্ত খেলেছে। তাদের অভিনন্দন জানাই। আমার মনে হয়, তাদের কোচ স্টিভ ক্লার্ককেও একটা পুরস্কার দেওয়া উচিত। ম্যানচেস্টার ইউনাইটেডকে পাঁচটি গোল দেওয়ায় তিনি সত্যিই পুরস্কারের দাবিদার।’অ্যালেক্স ফার্গুসনের পর আগামী মৌসুম থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডেভিড ময়েস। রয়টার্স