ফার্গুসনই প্রেরণা পার্ক জি সুংয়ের
বিশ্বকাপে যখন দক্ষিণ কোরিয়া মাঠে নামবে, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের দৃষ্টি থাকবে এই দলটির ওপর। হয়তো কিছুটা চাপও অনুভব করবেন স্কটল্যান্ডে জন্ম নেওয়া এই ম্যানেজার। দক্ষিণ কোরিয়ার ব্যর্থতা-সফলতা নিয়ে তাঁর মাথাব্যথার কোনো কারণ থাকার কথা নয়। কিন্তু বিশ্বকাপ যখন সমাগত, তখন পার্ক জি সুংয়ের মন্তব্যে ফার্গুসনকে এ দলটি নিয়ে না ভেবে উপায় নেই। ফার্গুসনই তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছেন বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক।এ নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলতে নামার আগে নিজেদের নিয়ে যথেষ্ট আশাবাদী তারা। কোরীয় ফুটবলের শ্রেষ্ঠ অধ্যায় ২০০২ সালকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চায় তারা। সেবার নিজেদের মাঠে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি। সেমিফাইনালে জার্মানির কাছে ২-০ গোলে হেরে যাওয়ার আগে দেশের মানুষ তথা বিশ্ববাসীকে বিস্ময়ে বিমূঢ় করে রেখেছিল দক্ষিণ কোরিয়া।পার্ক জি সুংকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলে নিজের যোগ্যতা বলেই জায়গা করে নিয়েছিলেন তিনি। এ পর্যায়ে আসার পেছনে ম্যানইউয়ের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনকে কৃতিত্ব দিতে চান তিনি। জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বার্তা সংস্থা রয়টার্সকে পার্ক জি সুং বলেছেন, ‘বড় দলের বিপক্ষে কীভাবে খেলতে হয়, ফার্গুসনই আমায় শিখিয়েছেন। জাপানের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচকে সামনে রেখে অনুশীলন শেষে রয়টার্সকে গতকাল রোববার পার্ক বলেন, ‘আমার ওপর ফার্গুসনের আস্থা রয়েছে। বড় দলগুলোর বিপক্ষে কীভাবে খেলতে হয়, তা তিনিই আমাকে শিখিয়েছেন। আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন ফার্গুসন।’২০০৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন পার্ক। চোট কাটিয়ে আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বাকাপে দক্ষিণ কোরিয়ার হয়ে নামতে যাচ্ছেন তিনি। পার্ক বলেন, ‘আমি এখন অনেক বেশি পরিণত। বিশ্বকাপে ভালো করতে ফার্গুসন আমাকে শুভ কামনা জানিয়ে রেখেছেন। চোটের দিকে লক্ষ্য রাখতেই পরামর্শ দিয়েছেন তিনি।’বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার লক্ষ্য সম্পর্কে ২৯ বছর বয়সী পার্ক বলেন, ‘আমরা অন্তত দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে চাই। এর বাইরে আমরা কিছু ভাবছি না। তবে এখন পুরো দৃষ্টি গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোর দিকে।’ ২০০২ সালে পার্কের হাত ধরেই এশিয়ার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ কোরিয়া। আট বছর আগের সেই বিশ্বকাপের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘২০০২ সালে যেভাবে খেলেছি, তা আমার কাছে অবিশ্বাস্য লাগে। এখনো আমাদের সেই সামর্থ্য রয়েছে। কিন্তু সম্ভাবনা কম বলে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত লক্ষ্য স্থির করেছি আমরা।’