ফার্গুসনকে পাশে পাচ্ছেন ময়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার অ্যালেক্স ফার্গুসন ও ডেভিড ময়েস
স্যার অ্যালেক্স ফার্গুসন ও ডেভিড ময়েস

খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ডেভিড ময়েস। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখা তো অনেক দূরের ব্যাপার, প্রথম চারটি দলের মধ্য থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করতেই গলদঘর্ম ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিমধ্যেই এফএ কাপ আর লিগ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গেছে ‘রেড ডেভিলস’দের। ওল্ডট্র্যাফোর্ডের বাতাসে তাই এখন ময়েস তাড়ানোর দাবিটা খুব জোরালোই। এমন একটি কঠিন সময়ে ময়েসের স্বস্তি হয়ে আবির্ভূত হয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন নিজেই।

দীর্ঘ ২৭ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালনের পর গত মৌসুমে অবসরের ঘোষণা দিয়েছিলেন ফার্গুসন। নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন ময়েসকে। কিন্তু দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার কাজটা মোটেই ভালোভাবে করতে পারছেন না এই স্কটিশ কোচ। এ বছরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ছিটকে গেছে এফএ কাপ ও ক্যাপিটাল ওয়ান কাপের লড়াই থেকে। তবে তার পরও প্রিয় ক্লাবের ওপর আস্থা হারাচ্ছেন না ফার্গুসন, ‘ইউনাইটেড যেকোনো কিছুই করতে পারে। তাদের সে রকম করার ইতিহাসও আছে। ইউনাইটেড সব সময়ই ভালো করবে।’

প্রিমিয়ার লিগের ২২ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৪। গতবারের শিরোপাজয়ীরা শেষ চারের মধ্যে থেকেও লিগ শেষ করতে পারবে কি না, তা নিয়েই সংশয়ে আছেন অনেকে। কিন্তু ফার্গুসন এখনো আশা হারাননি। ‘ইউনাইটেড মৌসুমের দ্বিতীয় ভাগে সব সময়ই ভালো করে’—এমন কথা বলে যেন সবাইকে উজ্জীবিত করারই চেষ্টা করলেন ফার্গুসন।