ফার্গুসনকে শিক্ষক মানেন মানচিনি
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা দুর্দান্তভাবেই শুরু করেছে ম্যানচেস্টার সিটি। প্রথম আট ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে তারা। কাল এবারের মৌসুমের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচে গতবারের শিরোপাজয়ী ও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে মানচিনির শিষ্যরা। ওল্ড ট্রাফোর্ডে এ সময়ের অন্যতম সেরা কোচ অ্যালেক্স ফার্গুসনের বিপক্ষে লড়ার আগে তাঁর প্রতি যথাযথ সম্মান জানিয়েছেন মানচিনি। ফার্গুসনের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে মানচিনি বলেছেন, ‘আমি সবার আগে ফার্গুসনকে ধন্যবাদ জানাতে চাই। আমি তাঁকে অনেক শ্রদ্ধা করি। তিনি একজন শিক্ষক। আমি তাঁর কাছে অনেককিছু শিখেছি। গত ২৫ বছরে তিনি প্রায় সবকিছুই জিতেছেন।’ নতুন কোচদের জন্য ফার্গুসন একজন অনুপ্রেরণা হিসেবেই কাজ করেন এবং এবং তাঁর কাছ থেকে সবারই অনেক কিছু শেখা উচিত বলে মনে করেন মানচিনি। তিনি বলেছেন, ‘ফার্গুসনের বয়স এখন ৬৯ বছর। এই বয়সেও তিনি প্রতিটি ম্যাচেই জেতার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আর এটাই আমার কাছে ও তরুণ কোচদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এতগুলো বছর পরও তিনি চমত্কারভাবে কাজ করে যাচ্ছেন। আশা করছি, আমিও তেমনটা করত পারব। কিন্তু এই কাজটা খুব সহজ না।’২০০৯ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ম্যানইউকে হারের স্বাদ দিতে পারেননি রবার্তো মানচিনি। তবে গত মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কালিং কাপ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা এবার খেলোয়াড়দের অনেক সহায়তা করবে বলে আশা করছেন এই ইতালিয়ান কোচ। তিনি বলেছেন, ‘গত বছরের তুলনায় আমাদের অনেক অগ্রগতি হয়েছে। তবে এখনো আমাদের অনেক কাজ করতে হবে। আমার মনে হয়, এই মুহূর্তে শুধু ড্র করে ওল্ড ট্রাফোর্ড ছাড়তে পারলেও আমাদের কোনো ক্ষতি নেই। কিন্তু আমাদের মানসিকতাটা এ রকম নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো আমরাও প্রতিটি ম্যাচেই জিততে চাই।’ বিবিসি অনলাইন।