ফার্গুসনকে সর্বকালের সেরা বলছেন ক্যাপেলো
ফুটবল ইতিহাসের সেরা কোচ কে? উত্তর দেওয়া সহজ নয়। তবে ইংল্যান্ডের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোকে জিজ্ঞেস করুন, তিনি সঙ্গে সঙ্গে বলে দেবেন স্যার অ্যালেক্স ফার্গুসনের নাম। শুধু বর্তমান সময়ের সেরা নন, ফার্গুসনকে ক্যাপেলো মনে করেন সর্বকালের সেরা ফুটবল কোচ। কিংবদন্তি কোচ স্যার ম্যাট বুসবি দুই মেয়াদে ম্যানইউর দায়িত্ব পালন করেছিলেন ৮ হাজার ৮১০ দিন। কাল তাঁকে ছাড়িয়ে গেছেন ফার্গুসন। ম্যানইউর কোচ হিসেবে আজ তাঁর ৮ হাজার ৮১২তম দিন! এক ক্লাবে টানা এত দিন কোচিং করানোটাকেই বড় করে দেখছেন ক্যাপেলো, ‘ফুটবল ইতিহাসে ফাগুর্সনই সেরা কোচ। লম্বা সময় ধরে দলটাকে কোচিং করাচ্ছেন। এই সময়ে তিনি অনেক কিছুই বদলে দিয়েছেন। দলকে বদলে দিয়েছেন, বদলে দিয়েছেন খেলোয়াড়দের। সত্যি সত্যিই তিনি ক্লাবটির জন্য বড় সম্পদ। আমি তাঁকে শুভেচ্ছা জানাই, আরও ২০ বছর যেন শীর্ষ পর্যায়ে কোচিং করাতে পারেন তিনি।’ ওয়েবসাইট।