ফার্গুসনে শ্রদ্ধা নেই বারবাতোভের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের শেষ দিনে গত শুক্রবার ধারে গেছেন ফুলহ্যামে। দিমিত্রি বারবাতোভ এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়। তবে বুলগেরিয়ার এই স্ট্রাইকার আজ সোমবার জানিয়েছেন, ম্যানইউতে আর ফিরে যাবেন না। ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতি শ্রদ্ধা হারিয়েছেন তিনি। বারবাতোভের অভিযোগ, গত কয়েক মাস তাঁর সঙ্গে অমানবিক আচরণ করেছেন ফার্গুসন। ম্যানইউ ম্যানেজার তাঁকে একের পর এক মিথ্যা আশ্বাস দিয়েছেন।বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এক সংবাদ সম্মেলনে বারবাতোভ আরও বলেন, ‘গত বছর আমাকে নিয়মিত খেলানো হয়নি। ইউনাইটেডে এ ধরনের আচরণ আমি প্রাপ্য ছিলাম না। দশবারের বেশি, সম্ভবত ১৫ বার, কোচের কাছে জানতে চেয়েছি আমাকে ক্লাবের প্রয়োজন আছে কি না। প্রতিবারই আমাকে বলা হয়েছে, আমি গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ক্লাব ছাড়া ঠিক হবে না। অথচ আবারও উপেক্ষা করা হয়েছে আমাকে।’বারবাতোভ বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের ফাইনালের (২০১১ সাল) দলে আমাকে রাখা হয়নি। তখনই হয়তো আমার চলে যাওয়া উচিত ছিল। আমি জানি, ফার্গুসন বস। তবে অনেকাংশেই ওর প্রতি শ্রদ্ধা হারিয়েছি আমি।’এখানেই থামেননি বারবাতোভ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাকে না খেলানোর ব্যাপারে ফার্গুসনের সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। আমার আত্মসম্মানবোধ আছে। অনেক গোল করেছি, দুবার প্রিমিয়ার লিগ জিতেছি। প্রিমিয়ার লিগে আমি সবচেয়ে বেশি গোল করেছিলাম। এখন ম্যানইউর বিপক্ষে খেলতেও আপত্তি নেই আমার। কারণ, অতীতে ওদের বিপক্ষে আমি খেলেছি। সেখানকার লোকজনকে বিদায় জানিয়েছি। তবে ফার্গুসনকে আমি “বিদায়” বলতে পারি না।’২০০৮ সালে ৪৮ দশমিক ৮৪ মিলিয়ন ডলারে টটেনহাম হটস্পার থেকে ম্যানইউতে যোগ দিয়েছিলেন বারবাতোভ। ২০১০-১১ মৌসুমে ২০ গোল করে প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন তিনি। রয়টার্স।