ফার্গুসনের আফসোস বাড়াচ্ছেন তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা অ্যালেক্স ফার্গুসন ম্যাচের আগেও বলেছিলেন। একই কথা বলেছেন ম্যাচের পরও। কিন্তু প্রথম প্রথম তাঁর কথা শুনে বিশ্বাস হলেও ম্যাচের পর হয়তো অবিশ্বাসীর সংখ্যাই বেড়েছে। কার্লোস তেভেজকে বিক্রি করে দিয়ে ‘ফার্গি’ একটুও অনুতপ্ত নন—তা কী করে হয়!সর্বশেষ ১১ ম্যাচে ১৩ গোল করেছেন, এর চেয়েও বড় কথা এই আর্জেন্টাইন স্ট্রাইকারের জোড়া গোলেই তো পরশু হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতবার যে দলের হয়ে লিগ কাপের (কার্লিং কাপ) শিরোপা জিতেছিলেন, এবার সেই দলকেই সেমিফাইনালে বিদায় করে দেওয়ার অশনিসংকেত দিলেন তেভেজ! সেমিফাইনালের প্রথম লেগে সিটির মাঠে এসে ২-১ গোলে হেরে গেছে ম্যানইউ। ২৭ জানুয়ারি ফিরতি পর্বে নিজেদের মাঠে জিততে না পারলে এফএ কাপের পর লিগ কাপ থেকেও বিদায়ঘণ্টা বাজবে ‘রেড ডেভিল’দের।লিগ কাপের ম্যাচ আন্তর্জাতিক মিডিয়ার খুব একটা আগ্রহ থাকার কথা নয়। কিন্তু দুই নগর প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ায় একটা বাড়তি উত্তেজনা ছিলই। তা ছাড়া সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে গায়ে গতরে বেড়ে ওঠা সিটি। ভরা গ্যালারির বড় অংশটাকে স্তব্ধ করে দিয়ে প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিল অতিথিরাই। ১৭ মিনিটে রায়ান গিগসের গোল। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করার পর ৬৫ মিনিটে জয়সূচক গোলটি করেন তেভেজ। দ্বিতীয় গোলের পর ছুটে গিয়ে উদ্যাপন করেছেন ম্যানইউয়ের ‘ডাগ আউটে’র সামনে। ঠোঁটে তর্জনী ঠেকিয়ে ‘চুপ থাকো’ ভঙ্গি করেছেন বেঞ্চে বসে থাকা গ্যারি নেভিলের দিকে। নেভিল পাল্টা জবাব দিতে তর্জনী তাক করেছেন শাসানোর ভঙ্গিতে। এই আচরণের কারণে এখন শাস্তিও পেতে পারেন ম্যানইউ অধিনায়ক। ফুটবল অ্যাসোসিয়েশন তাঁর আচরণ তদন্ত করে দেখছে। ওদিকে পুলিশকে নামতে হচ্ছে আরেক তদন্তে। ম্যানইউ ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে নাকি গ্যালারি থেকে কে একজন ছুড়ে মেরেছে লাইটার।এমনিই ঘটনার ঘনঘটার দিনে জোড়া গোল করলেন তেভেজ। ৫ ম্যাচে ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ফার্গুসন কি একটুও আফসোসে পুড়ছেন না! এএফপি, ওয়েবসাইট।