ফার্গুসনের উত্তরসূরি মোয়েস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড মোয়েস
ডেভিড মোয়েস

ডেভিড মোয়েসই হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি। ফুটবল ওয়েবসাইট গোল ডটকম একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এই খবর জানিয়েছে।

২৭ বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করা ফার্গুসন গতকাল এই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর পর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয় তাঁর উত্তরসূরি নিয়ে। স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হিসেবে হোসে মরিনহো ও ইয়ুর্গেন ক্লপের সঙ্গে আলোচিত হচ্ছিল এভারটনের কোচ ডেভিড মোয়েসের নাম।

গোল ডটকম একটি ‘নির্ভরযোগ্য’ সূত্রের বরাত দিয়ে জানায়, আজ বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা ক্লাবের ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে গিয়ে জানতে পারেন, ডেভিড মোয়েসই হতে যাচ্ছেন তাঁদের পরবর্তী কোচ।

মোয়েসের বর্তমান ক্লাব এভারটন অবশ্য জানিয়েছে, পুরো ব্যাপারটি নিয়ে তারা অন্ধকারে আছে। তারা বলেছে, বিষয়টি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কেউই তাদের সঙ্গে কোনো কথা বলেনি। তবে ডেভিড মোয়েস নিজে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার বিষয়ে তাঁর সম্মতির কথা ওল্ড ট্র্যাফোর্ডে জানিয়ে দিয়েছেন।

এই মৌসুম শেষেই এভারটনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ডেভিড মোয়েসের। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে নতুন চুক্তি করতে হলে মোয়েসকে পদত্যাগ করে বিভিন্ন আনুষ্ঠানিকতা সারতে হবে।

স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডেভিড মোয়েস ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ফার্গুসনের ইচ্ছাতেই। কোচের পদ থেকে সরে গিয়ে ফার্গুসন আগামী মৌসুম থেকে যুক্ত হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরিচালনা পর্ষদে।

২০০২ সালে এভারটনের কোচের দায়িত্ব নেওয়া ডেভিড মোয়েস এই ক্লাবকে তুলে এনেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ সারিতে। এই সময়ে যদিও তিনি কোনো ট্রফি জিততে পারেননি, তার পরও দলকে উজ্জীবিত করতে পারার ব্যাপারে মোয়েসের মুনশিয়ানার বিষয়টি সর্বজনবিদিত।