ফার্গুসনের উপভোগের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম চার ম্যাচের চারটিতেই জয়, গোল ১৮টি! যাকে বলে উড়ন্ত সূচনা। তবুও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন চেলসির ম্যাচ নিয়ে খুবই সতর্ক ছিলেন। সতর্ক থাকার কারণও ছিল। রোববার এবারের লিগের প্রথম অর্ধের সবচেয়ে বড় ম্যাচটা ম্যানইউর জন্য কঠিন পরীক্ষাও ছিল। কিন্তু সেই কঠিন ম্যাচেও ফার্গুসনের তরুণ তুর্কিরা শিরোপা পথের প্রধান বাধা চেলসিকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।এ জয়ের পর দলের সঙ্গে ফার্গুসনও উচ্ছ্বাসে ভাসছেন। এখন নিজেরও বিশ্বাস হচ্ছে, দল সত্যিকার অর্থেই উড়ন্ত শুরু করেছে। পাঁচ ম্যাচে গোল ২১টি, খেয়েছে মাত্র ৪টি, জয় শতভাগ। ফার্গুসন দায়িত্ব নেওয়ার পর এটাই ম্যানইউর সেরা শুরু। ১৯৮৫ সালে রন অ্যাটকিনসন যুগের পর ‘রেড ডেভিল’দের সবচেয়ে উজ্জীবিত শুরুও।স্বাভাবিকভাবেই ফার্গির কণ্ঠে বাড়তি উচ্ছ্বাস, ‘প্রবল উৎসাহ এবং কর্তৃত্বের সঙ্গে খেলে আমরা আমাদের ফুটবলটা উপভোগ করছি। আমরা ৬ থেকে ৭টি গোলও করতে পারতাম। এই কর্তৃত্বটা আমাদের সবাইকে উৎসাহিত করছে।’ এই হারে পাঁচ ম্যাচ পরই শীর্ষ দল ম্যানইউর চেয়ে ৫ পয়েন্ট পেছনে পড়ে গেল চেলসি। তবে এতেই চেলসি শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে বলে মনে করেন না দলটির নতুন কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াস। ম্যাচ শেষে অবশ্য এই পর্তুগিজও ম্যানইউরই জয়গান গেয়েছেন, ‘এ মুহূর্তে ইউনাইটেড খুবই ভালো অবস্থানে আছে এবং সেটা একটু আগেভাগেই।’ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটিও ফুলহামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পিছিয়ে পড়েছে। আর্সেনালের চরম দুরবস্থা। সুদিন ফিরে পাওয়ার আশায় মৌসুম শুরু করে লিভারপুলও বিধ্বস্ত। পরশু তারা টটেনহামের কাছে হেরেছে ৪-০ গোলে! এই হারের জন্য দায়ী করা হচ্ছে ‘অল রেড’দের দুটি লাল কার্ড পাওয়াকে। সমশক্তির দলের বিপক্ষে ৯ জনের দল হয়ে পেরে ওঠার কথাও নয়। আলোচিত হচ্ছে কেন লিভারপুল দু-দুটি লাল কার্ড পেল? তবে কি লিভারপুলের শৃঙ্খলা ভেঙে পড়েছে? কোচ কেনি ডালগ্লিস এটা মানেন না, ‘শৃঙ্খলার দুর্দান্ত রেকর্ডই রয়েছে আমাদের। আমার ছেলেরা কিন্তু কোনো সিদ্ধান্তে রেফারির দিকে তেড়ে যায়নি।’ এএফপি।