ফার্গুসনের কাছে ক্ষমা চাইবেন না তেভেজ
শেষ পর্যন্ত নিজেকে আর আনুষ্ঠানিকতার ছদ্মাবরণে আটকে রাখতে পারলেন না কার্লোস তেভেজ। ম্যানচেস্টার সিটির এক সমর্থকের কাছ থেকে ফার্গুসনের সমাধিফলকের প্ল্যাকার্ড হাতে যে তিনি ইচ্ছা করেই নিয়েছিলেন, সেটাও সবার সামনে প্রমাণ করে দিলেন। কোনো রাখ-ঢাক না রেখেই জানিয়ে দিয়েছেন, ফার্গুসনের কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই।‘ফার্গুসন কি ইংল্যান্ডের প্রেসিডেন্ট নাকি যে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে।’ তেভেজের তির্যক উক্তি।‘এই ফার্গুসন প্রতিবারই অন্যকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তখন তো কেউ তাঁকে ক্ষমা চাইতে বলে না।’ মন্তব্য এই আর্জেন্টাইন প্লে-মেকারের। তেভেজ স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন, ‘অন্যরা যে যা-ই বলুক আমি ফার্গুসনের কাছে ক্ষমা চাইব না, ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।’একসময় এই ফার্গুসনেরই শিষ্য ছিলেন কার্লোস তেভেজ। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ম্যানচেস্টারেরই আরেক ক্লাব ‘সিটি’তে যোগ দেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে কখনোই স্থায়ী চুক্তির অধীনে ছিলেন না তেভেজ। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন তেভেজকে স্থায়ী চুক্তির অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসার বিরোধিতা করেছিলেন। সঙ্গে সঙ্গেই ম্যানচেস্টার সিটি তেভেজকে লুফে নেয়। তেভেজ যেদিন প্রথম ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে নামেন, সেদিন ইত্তিহাদ স্টেডিয়ামে সিটি সমর্থকেরা ব্যানার টাঙিয়েছিল ‘ম্যানচেস্টারে স্বাগতম’। ফার্গুসন তখন সেই ব্যানারের সমালোচনা করে বলেছিলেন, ‘ম্যানচেস্টার সিটি একটি ছোট ক্লাব, তাদের মানসিকতাও অনেক নিচে।’ সুতরাং এই তেভেজের ফার্গুসনের ওপর ক্ষোভ থাকবে—এটাই তো স্বাভাবিক।তবে ক্ষোভের বহিঃপ্রকাশটি বড্ড নগ্নভাবেই করে বসলেন তেভেজ। সমর্থকদের কাছ থেকে এক প্ল্যাকার্ড নিয়ে সেটাই তুলে ধরলেন সবার উদ্দেশে। যে প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আরআইপি’ অর্থাত্ ‘রেস্ট ইন পিস’। সাধারণত যেকোনো মৃত ব্যক্তির সমাধিফলকে এই কথাটি ব্যবহার করা হয়। সমর্থকদের এই ক্ষোভেরও কারণ আছে। এই ফার্গুসনই এই মৌসুমের শুরুতে বলেছিলেন, ‘ম্যানচেস্টার সিটি প্রিমিয়ারশিপ জিততে পারে তবে অবশ্যই তা “আমার জীবদ্দশায়” নয়।’ ক্ষোভের পাল্টাপাল্টি বহিঃপ্রকাশের মধ্যেও ম্যানচেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ কিন্তু ব্যাপারটিতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে। প্ল্যাকার্ডে যা লেখা ছিল, তাকে ‘অরুচিকর’ হিসেবে বর্ণনা দিয়ে তা প্রদর্শনের জন্য তেভেজকে তিরস্কারও করেছে ক্লাবটি। ৪৪ বছরের মধ্যে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার আনন্দের মধ্যে এই বিতর্ককে অনভিপ্রেতই মনে করেছে ম্যানচেস্টার সিটি। দ্য টেলিগ্রাফ।