ফার্গুসনের কারণেই...
তারুণ্যের টগবগে ১০টি বছর কেটেছে এখানে। সেই ওল্ড ট্র্যাফোর্ডে, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে আবারও নামলেন কাল। ‘চিরতরুণ’ ডেভিড বেকহামও নিশ্চয়ই মনে মনে ফিরে গিয়েছিলেন তারুণ্যদীপ্ত সময়টায়!২০০৩ সালে ম্যানইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। অবশ্য সেটা কাগজে-কলমে। চিরদিনই নিজেকে ‘রেড ডেভিল’ই মনে করেন বেকহাম। আবারও তাই ছুটে এসেছিলেন সাবেক সতীর্থ গ্যারি নেভিলের বিদায়ী ম্যাচ খেলতে। জুভেন্টাসের সঙ্গে সেই ম্যাচেই আবার ওল্ড ট্র্যাফোর্ডে দেখা দিলেন বেকহাম।ম্যাচের আগে নানা প্রসঙ্গে কথা বলেছেন। স্বাভাবিকভাবেই এলএ গ্যালাক্সির এই তারকাকে উত্তর দিতে হয়েছে ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিয়ে। বার্সেলোনাকেই ফেবারিট মনে করা হচ্ছে এতে। কিন্তু বেকহাম তা মানছেন না। বার্সার মতো পাসিং ফুটবল খেলার সামর্থ্য হয়তো ম্যানইউর নেই। কিন্তু ইংলিশ ক্লাবটির যা আছে, সেটা যে নেই পৃথিবীর আর কারোরই—স্যার অ্যালেক্স ফার্গুসন।‘তিনি (ফার্গুসন) যা করেছেন, এর চেয়ে ভালো কিছু করা আসলেই অসম্ভব। বছরের পর বছর, ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের নিয়ে গড়া ভিন্ন ভিন্ন দল নিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সত্যিই অবিশ্বাস্য একজন কোচ তিনি! এত এত খেলোয়াড়ের পরিবর্তনের পরও সফল থেকে যাওয়া অবিশ্বাস্য নয় তো কী।’ফার্গুসন আছেন বলেই ফাইনালে বেকহামের ফেবারিট ম্যানইউ, ‘সবাই বার্সেলোনাকে বিশ্বের অন্যতম সেরা ক্লাব বলছে। তা তারা অবশ্যই। কিন্তু সেরা খেলাটা খেলা বার্সেলোনাকেও যদি কেউ হারাতে পারে, তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন। আমি আশা করি, ফাইনালে ওরা সেটাই দেখিয়ে দেবে। এই দলটা ম্যানইউয়ের সর্বকালের সেরা দলটার সমকক্ষ। তাদের জেতা ট্রফি সংখ্যাই এর প্রমাণ। লোকে এই দলটার মান নিয়ে সমালোচনা করছে। কিন্তু এই দলের কাছ থেকে এর চেয়ে বেশি আপনি আর কী চাইতে পারেন!’ এএফপি।