ফার্গুসনের ক্ষোভ টেলিভিশনের ওপর
ইংলিশ প্রিমিয়ার লিগের সময়সূচি নির্ধারণে ক্লাবগুলোর চেয়ে টেলিভিশনেরই ক্ষমতা বেশি বলে অভিযোগ করেছেন অ্যালেক্স ফার্গুসন। চ্যানেলগুলো তাদের চাহিদা অনুযায়ী বড় দলগুলোর খেলার ফিক্সচার তৈরিতে এফএকে চাপ দেয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম সফল এই কোচ।গতকাল বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে ফার্গুসন বলেন, বড় দলগুলোর খেলার সময়সূচি পুরোপুরিই টেলিভিশনের ইচ্ছামাফিক নিয়ন্ত্রিত হয়। তাদের যখন যেভাবে দরকার, সেভাবেই দলগুলোকে মাঠে নামতে হয়। এটা খুবই বাজে পরিস্থিতি সৃষ্টি করেছে, যখন গত বুধবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষ করে আবার শনিবার দুপুরে প্রিমিয়ার লিগের খেলায় মাঠে নামতে হয়। এই সময়সূচি কোনো দলের কোচই ঠিক করতে পারেন না। ক্ষোভ প্রকাশ করলেও ব্যাপারটিকে ‘স্বাভাবিক’ হিসেবেই দেখছেন ম্যান ইউ কোচ। তিনি বলেছেন, ‘পুরো ব্যাপারটিতে অবাক হওয়ার কিছু নেই। কারণ, আপনি যখন শয়তানের সঙ্গে হাত মেলাবেন, তখন তার মূল্য তো দিতেই হবে। টেলিভিশনই এই সময় সবকিছু নিয়ন্ত্রণ করছে।’গত মৌসুমে প্রিমিয়ার লিগের টেলিভিশন সম্প্রচার থেকে প্রায় ৬০ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড আয় করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এটাও সন্তুষ্ট করতে পারেনি ফার্গুসনকে। ম্যান ইউয়ের খেলা সম্প্রচার করে চ্যানেলগুলো যত টাকা আয় করে, তাতে ক্লাবগুলোর প্রাপ্য আরও বেশি হওয়া উচিত বলে মত দিয়েছেন এ সময়ের অন্যতম সেরা এই কোচ। রয়টার্স