ফার্গুসনের পেনাল্টি-দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট কাটিয়ে ফিরেছেন ওয়েইন রুনি। গোলও করেছেন। সেই গোলেই পরশু এফএ কাপের তৃতীয় রাউন্ডের প্লে-অফে ওয়েস্ট হামকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দল উঠে গেছে চতুর্থ রাউন্ডে, তবুও কপালে চিন্তার ভাঁজ অ্যালেক্স ফার্গুসনের। জয়ের মতো দুশ্চিন্তাটাও রুনির উপহার। ৭৯ মিনিটে এই স্ট্রাইকারের পেনাল্টি মিসই চিন্তায় ফেলেছে ফার্গুসনকে।চিন্তারই কথা, এই মৌসুমে এটা নিয়ে যে পাঁচ-পাঁচটি পেনাল্টি মিস করেছেন ইউনাইটেডের খেলোয়াড়েরা। রুনি একাই দুটি, বাকি তিনটি রবিন ফন পার্সি, হাভিয়ের হার্নান্দেজ ও নানি। ফার্গুসনের ভয়, পেনাল্টি কাজে লাগাতে না-পারার এই ব্যর্থতায় একসময় বড় মূল্য দিতে হতে পারে, ‘এটা “এমন হতেই পারে” বলে উড়িয়ে দেওয়ার মতো নয়। আমাদের এতে উন্নতি করতেই হবে।’ এএফপি। এরপর দলের সামনে উদাহরণও টেনেছেন ফার্গি, ‘সাউদাম্পটনের (রিকি) ল্যাম্বার্টের কথা সবাই বলে। ৩৩টি পেনাল্টির ৩৩টিতেই গোল করেছে সে। পেনাল্টি নিলে তো এমনই হওয়া উচিত। এমন ভালো পেনাল্টি নেয়, এমন খেলোয়াড় ইতিহাসে অনেকেই আছে। (ম্যাট) লি টিসিয়ার (সাবেক সাউদাম্পটন তারকা) ৪৮টির মধ্যে ৪৭টিতে গোল করেছে, রেঞ্জার্সে খেলা স্কটল্যান্ডের এক ফুটবলার তো টানা ৫৭টি পেনাল্টিতে গোল করেছে।’ আরেক প্লে-অফে জ্যাক উইলশেয়ারের গোলে সোয়ানসিকে হারিয়েছে আর্সেনালও।