ফার্গুসনের রুনি-বুমেরাং
খেলোয়াড়ের তালিকায় ওয়েইন রুনির নাম দেখাটাই ছিল বিস্ময়ের। আর সেই রুনি ৫৫ মিনিট খেললেনও। বায়ার্ন মিউনিখের সঙ্গে কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগে ওয়েইন রুনিকে নিয়ে একটা জুয়া খেলেছিলেন অ্যালেক্স ফার্গুসন। তাতে শেষ পর্যন্ত হিতে বিপরীতই হয়েছে। দ্বিতীয় দফায় ইনজুরিতে পড়ে ম্যানইউর জন্য প্রিমিয়ার লিগ শিরোপাকেই প্রায় অসম্ভব বানিয়ে দিয়েছেন রুনি।ফার্গুসন নিজেই বলেছেন, অ্যাংকেলের ঠিক নিচের একটা শিরা ছিঁড়ে গেছে রুনির। তবে ইনজুরিটা খুব গুরুতর নয়, বলেই দাবি তাঁর। ব্ল্যাকবার্নের বিপক্ষে পরের ম্যাচটা খেলতে না পারলেও রুনিকে ১৭ এপ্রিল ‘ম্যানচেস্টার ডার্বি’তে পাবেন বলে আশাবাদী ফার্গুসন। কোচ এই দাবিও করছেন, ক্লাবের চিকিৎসকদের ওপর তিনি কোনো চাপও দেননি রুনিকে ফিট ঘোষণার।বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে ইনজুরিতে পড়েছিলেন। দুর্দান্ত ফর্মে থাকা রুনির ইনজুরি শুধু ম্যানইউকেই নয়, কাঁপিয়ে দিয়েছিল ইংল্যান্ডকেও। তাদের বিশ্বকাপ ভরসার নাম যে রুনি। শেষমেশ জানা গিয়েছিল, কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রুনিকে। খোদ ফার্গুসনই ম্যাচের আগের দিনই বলেছিলেন, কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রুনিকে নামানোটার ঝুঁকি তিনি নেবেন না।কিন্তু শেষ পর্যন্ত লোভ সামলাতে পারলেন না ফার্গুসন। বায়ার্নকে চমকে দিতেই হয়তো একাদশে রেখেছিলেন তাঁকে। তা চমকানোর কাজটা হয়েছিল বৈকি! ৩-০ গোলের লিড নিয়ে নিয়েছিল ম্যানইউ। তার পরই ‘রুনি বাজি’ বুমেরাং!শিরা ছিঁড়ে ৫৫ মিনিটে মাঠ ছেড়েছেন রুনি। আর ২ গোল শোধ করে অ্যাওয়ে গোলের হিসেবে সেমিফাইনালে চলে গেছে বায়ার্ন। অবশ্য ফার্গুসন বলছেন, এই ইনজুরির জন্য রুনিকে নতুন করে বেশি দিন মাঠের বাইরে থাকতে হবে না, ‘অ্যাংকেল সন্ধির ঠিক নিচের একটা শিরা ছিঁড়ে গেছে। খুব বেশি দিন এর জন্য বাইরে থাকতে হবে না। এটা খুব বড় ইনজুরি কখনোই নয়।’‘বেশি দিন নয়’—মানে কত দিন? ম্যানইউয়ের চেয়েও এখন ফার্গুসনকে বেশি জবাব দিতে হবে গোটা ইংলিশ সমর্থকদেরই। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনই নাকি উদ্বিগ্ন! ওয়েবসাইট।