ফার্গুসনের সমাধান
দুটিই একই শহরের ক্লাব। অনুশীলনের মাঠও পাশাপাশি। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটনের অনুশীলন মাঠের পাশেই সিটি অনুশীলনের জায়গা। কিন্তু সিটির অনুশীলন মাঠের পাশে ফুটপাত। আড়াল করে রাখার জন্য বড় বড় পর্দায় ঘেরা থাকলেও যে কেউ চাইলে ছবি তুলতে পারে। পারে বলেই পরশু মানচিনি-বালোতেল্লির ঘটনাটি ফলাও করে প্রচার হয়েছে। ইউনাইটেড কোচ ফার্গুসন তাই মনে করেন, অনুশীলনের সময় গোপনীয়তাটা ম্যানেজারের জন্য খুব জরুরি।অনুশীলনে অনেক সময় অনেক কিছুই হয়। এসব ঘটনা যেন বাইরের লোকেরা দেখে না ফেলে বা ছবি না তোলে, সেটি ঠেকানোর জন্যই ইউনাইটেডের অনুশীলনে সাংবাদিক নিষিদ্ধ। অনুশীলনে অনেক কৌশল নিয়েও কাজ হয়। ফার্গুসন তাই অনুশীলনে সাংবাদিক নিষিদ্ধ করা প্রসঙ্গে বলছেন, ‘এভাবেই নিজেদের সাফল্যের সম্ভাবনাকে রক্ষা করতে হবে। আইসিআই কি কখনো বায়ার কেমিক্যালসকে ই-মেইল পাঠিয়ে তাদের নতুন ওষুধ বা কোনো আবিষ্কারের কথা জানিয়ে দেয়? প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো কি তাদের প্রতিদ্বন্দ্বীদের বলে যে, তারা কী করছে? আমি নিশ্চিত, তারা তা করে না। ফুটবল নিয়ে মিডিয়ার আগ্রহ আছে। ফলে আলোকচিত্রীরা অনুশীলন সেশনগুলোয় থাকতে চাইবে, ছবি তুলতে চাইবে। কিন্তু আমার কাছে এটা হাস্যকর লাগে। এটা হলে কোচের জন্য কাজ করা তো কঠিন। কারণ আপনি জানেন না, তথ্যগুলো কোথায় যাচ্ছে।’অন্য ক্লাবের উদাহরণ টেনে ফার্গুসন আরও বলেছেন, ‘আমি যত দূর জানি, হোসে (মরিনহো) আসার পর রিয়ালে এটা বন্ধ হয়েছে। তবে আমি জানি, ইতালিতে অনেক ক্লাব আছে যেখানে প্রতিদিনই সাংবাদিকেরা ভিড় করে। সৌভাগ্যক্রমে আমাদের এখানে এটা মোটামুটি বন্ধ করতে পেরেছি।’ ওয়েবসাইট।