ফার্গুসনের ‘স্পেশাল’ উত্তরসূরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় কত সহজেই না সবকিছু বদলে দেয়। আট বছর আগে যখন চেলসির দায়িত্ব নিয়েই হোসে মরিনহো নিজেকে ‘স্পেশাল ওয়ান’ দাবি করেছিলেন, তখন অনেকেই ভুরু কুঁচকেছিল। স্যার অ্যালেক্স ফার্গুসনও ছিলেন সেই দলে। ‘সেদিনের পুঁচকে ছোড়া এসে বলছে, আমি কিনা স্পেশাল!’—হয়তো এমনটাই ভেবেছিলেন ফার্গুসন। পরে দুজনের মাঝে বাগ্যুদ্ধও কম হয়নি। অথচ সেই ফার্গিই ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে রাখছেন রিয়াল মাদ্রিদ কোচকেও।মেঘে মেঘে ইউনাইটেড কোচের বয়স কম হয়নি। ৭১ চলছে এই স্কটিশ কোচের। তবে এখনো মুখে থাকে চুইংগাম, ডাগ-আউটে অফুরান প্রাণশক্তি নিয়ে একাত্ম থাকেন দলের সঙ্গে। অবশ্য সময় যে ফুরিয়ে আসছে, নিজেও বোধ হয় সেটা বুঝতে পারছেন। তবে মরিনহোই তাঁর স্থান নেবে কি না, তা নিয়ে সরাসরি কিছু বলেননি, ‘সে যেকোনো ক্লাবেই কোচিং করাতে পারবে। এই ক্লাবে (ইউনাইটেডে) কী হবে, তা নিয়ে আগাম কিছু বলতে চাইছি না। আমি সারা জীবন থাকব না। কিন্তু এটা বলতে পারি, হোসে এখানে কাজ করতে পারবে। এ ব্যাপারে সন্দেহ নেই।’ আইটিভি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল কোচের প্রশংসায় অকৃপণ ছিলেন ফার্গি, ‘তার একটা অসাধারণ, দৃঢ় ব্যক্তিত্ব আছে। এখন তার বয়স কত? ৫০? তার মানে আমার চেয়ে সে ২০ বছর ছোট। এই হারে চললে সে আরও ৪২টি ট্রফি এনে দেবে।’ মরিনহো অবশ্য অনেকবারই একসময় ইংল্যান্ডে ফেরার আভাস দিয়েছেন। দুই দুইয়ে কি চার মেলানো যায়? ওয়েবসাইট।