ফার্গুসনেরও ফেবারিট এখন চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এখন আমরাই ফেবারিট। চেলসিই প্রশ্নাতীত ফেবারিট। আমরাও শিরোপা-দৌড়ে আছি।প্রথম কথাটি চেলসি কোচ কার্লো আনচেলত্তির। বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পরশু ২-১ গোলের জয়ের পর। বিনম্র শ্রদ্ধায়(!) আনচেলত্তির কথা সমর্থন করে গেলেন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার এখনো হাল ছাড়তে রাজি নন। শেষ বাক্যটি তাঁরই।ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা এখন যেখানে তিনজনের কারও কথাই ফেলার উপায় নেই। পরশু ম্যানইউ-চেলসি ম্যাচের ফলই আসলে শিরোপা লড়াইটাকে করে দিয়েছে এমন উন্মুক্ত। ফার্গুসন যে চেলসিকেই ফেবারিট ধরে বসে আছেন এর পেছনে যেমন যুক্তি আছে, তেমনই ওয়েঙ্গারের দাবিও যৌক্তিক।শিরোপা লড়াইয়ে থাকা এই তিন দলের ৩৩টি করে ম্যাচ হয়ে গেছে। বাকি আছে ৫টি করে ম্যাচ। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি, ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৭১। পরবর্তী ৫ ম্যাচে চেলসি যদি হোঁচট না খায় তাহলে অন্য দুই দলের লিগ জয়ের কোনো সম্ভাবনাই নেই। ম্যানইউ কোচ ওই দিকটাতেই আঙুল তুলেছেন, ‘লিগ শেষ হতে ৫ ম্যাচ বাকি, তারা আমাদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে। গোল ব্যবধানেও এগিয়ে চেলসি। এমনও হতে পারে পরের ম্যাচ জিতেও আমরা শিরোপা নাও পেতে পারি। আসলে ওরাই চালকের আসনে।’ আনচেলত্তি অবশ্য এ ম্যাচের আগেও যেমন বলেছেন, পরেও একই কথা বললেন, ‘এই ম্যাচ শেষে আমরা শীর্ষে থাকতে চেয়েছি। এটা আমরা পেরেছি এবং আমরা এখন শিরোপা ফেবারিটও। তবে কিছুরই মীমাংসা হয়ে যায়নি।’ আনচেলত্তির কথার শেষ অংশটাই ওয়েঙ্গারের আশা। কিছুরই যখন মীমাংসা হয়ে যায়নি, তখন শেষের আগে হাল ছেড়ে দেওয়া কেন! ইংলিশ প্রিমিয়ার লিগে এবার একই সমান্তরালে দুটি লড়াই চলছে। প্রথমটি শিরোপার, দ্বিতীয়টি চতুর্থ স্থানের। শিরোপা লড়াইয়ে যেমন ৫ সংখ্যাটি নিয়ে খুব আলোচনা, চতুর্থ স্থানের লড়াইয়ের আলোচনাটা তেমনই ৬ সংখ্যাটিকে ঘিরে। চার নম্বরের লড়াইয়ে থাকা চারটি দলের মধ্যে লিভারপুল খেলে ফেলেছে ৩৩ ম্যাচ। কাল বার্মিংহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। বাকি তিন দল ম্যানচেস্টার সিটি, টটেনহাম হটস্পার ও অ্যাস্টন ভিলা খেলেছে ৩২টি করে ম্যাচ। এই তিন দলের লিগ শেষ হতে বাকি আরও ৬টি করে ম্যাচ। পরশু বার্নলিকে ৬-১ গোলে হারিয়ে আপাতত চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তবে এটাই সব নয়, বাকি ৬ ম্যাচেই সব নির্ধারিত হবে বলেছেন ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি।নিয়মিত গোল করে মানচিনিকে ভরসা দিচ্ছেন ইমানুয়েল আদেবায়োর, কার্লোস তেভেজ, ক্রেইগ বেলামিরা। পরশু প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বড় এবং ১৯৫৫ সালে ম্যানইউর বিপক্ষে ৫-০ গোলে জয়ের পর বৃহত্তম জয়ে ভূমিকা রেখেছেন এই তিনজনই। আদেবায়োর করেছেন জোড়া গোল। বেলামি ও তেভেজ করেছেন একটি করে। বাকি দুটি গোল প্যাট্রিক ভিয়েরা ও ভিনসেন্ট কম্পানির। এর আগে এত বড় জয়ের অংশ কখনো ছিলেন না মানচিনি। তাঁর দৃষ্টিতে এত বড় জয়ের জন্মের পেছনে আসলে মাত্র ৭ মিনিট। এই সাত মিনিটেই আদেবায়োর, বেলামি ও তেভেজ ৩-০ ব্যবধানে এগিয়ে দেন সিটিকে। প্রথমার্ধে তারা এগিয়েছিল ৫-০-তে। এএফপি।