ফার্ডিনান্ডের সতর্কবার্তা
২৭ বছর ধরে দায়িত্ব পালনের পর গত মৌসুমেই অবসর নিয়েছেন। স্যার অ্যালেক্স ফার্গুসন তো শুধু একজন কোচই ছিলেন না, হয়ে উঠেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতীক। ইউনাইটেডকে এই সময়ে সম্ভাব্য সব শিরোপা এনে দিয়েছেন, ডাগ-আউট থেকে বিদায়ও নিয়েছেন শিরোপা জিতে। উত্তরসূরি ডেভিড ময়েস ফার্গির শূন্যতা পূরণ করতে পারবেন কি না, সেটা এখনই বলা মুশকিল। তবে প্রিমিয়ার লিগের সূচি যেভাবে সাজানো, ময়েসকে শুরুতেই রীতিমতো অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে! ১৭ আগস্ট সোয়ানসির বিপক্ষে শুরু প্রিমিয়ার লিগে ‘ময়েস-যুগের’। কিন্তু এরপরই ইউনাইটেডের পরীক্ষা নেবে চেলসি ও লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচটা যদি একটু স্বস্তি দেয়, সেটাও ক্ষণিকের জন্য। এরপরের ম্যাচটাই যে বহুকাঙ্ক্ষিত ম্যানচেস্টার ডার্বি! নিজেদের মাঠে সিটি পরীক্ষা নেবে ইউনাইটেডের। প্রথম পাঁচটি ম্যাচেই তিনটি বড় দলের মুখোমুখি, রিও ফার্ডিনান্ড মানলেন এবার গা এলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তাঁদের। কদিন আগেই এক বছরের জন্য ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। ক্লাবের ওয়েবসাইটে সতীর্থদের মনোযোগটা ঠিক রাখার আহ্বান জানালেন, ‘এটা আমাদের মনোযোগ বাড়াবে। এই বছরে লিগে আমাদের পথ সহজ হওয়ার কোনো কারণ নেই। শুরু থেকেই তৈরি থাকতে হবে। বেশ কয়েকটা বড় দলের সঙ্গে খেলতে হবে আমাদের। সোয়ানসির মাঠে প্রথম ম্যাচটা শুরু করার জন্য আসলেই কঠিন। এমন কঠিন প্রথম পাঁচটা ম্যাচের মুখোমুখি সম্ভবত আমি কখনো হইনি।’ এএফপি।