ফার্নান্দো মুসলেরা: উরুগুয়ের নির্ভরতার প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুরুর আগে কেউ তাঁকে চিনত না। বিশ্বকাপ শুরুর পরও তাঁকে নিয়ে খুব একটা মাতামাতি হয়নি। কিন্তু তাঁর দল উরুগুয়ে আজ রাতে বিশ্বকাপের সেমিফাইনালে যখন হল্যান্ডের মুখোমুখি হবে, তখন দর্শকদের দৃষ্টি অবশ্যই মাঠে খুঁজে ফিরবে ফার্নান্দো মুসলেরাকে। আজ উরুগুয়ের এ উত্থানের পেছনে তাঁর রয়েছে অসামান্য অবদান। ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দু-দুটি টাইব্রেকার সেভ করে তিনি ‘লা সেলেস্তে’দের স্বপ্ন দেখাচ্ছেন অনেক বড় কিছুর।তাঁর বয়স মাত্র ২৪। এরই মধ্যে ইতালীয় সিরি আর ল্যািসও ক্লাবের এক নম্বর গোলরক্ষকের স্থানটি তাঁর দখলে। বিশ্বকাপে উরুগুয়ের হয়ে প্রথম দিন থেকেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর কোয়ার্টারে ঘানার বিপক্ষে তিনি মুসলেরা ছিলেন এক কথায় অনন্য। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য যে প্রাথমিক তালিকা হবে, সেখানে মুসলেরার নাম না দিয়ে অন্য কোনো বিকল্প নেই আয়োজকদের সামনে।এত প্রশংসা আর আলোচনা অবশ্য মাথা ঘুরিয়ে দিচ্ছে না মুসলেরার। মাটিতে পা রেখে একাগ্রচিত্তেই তিনি অপেক্ষায় রয়েছেন জীবনের সবচেয়ে বড় ম্যাচটির। এ যে বিশ্বকাপের সেমিফাইনাল, একজন খেলোয়াড় তাঁর জীবনে এমন ম্যাচ আর কয়টা খেলার সুযোগ পায় বলুন! কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে দুটি পেনাল্টি সেভ করে দলকে ৪০ বছর পর সেমিতে তুলেও বিনয়ের অবতার মুসলেরা। ফিফা ডট কমকে তিনি বলেছেন, ‘ঘানার বিপক্ষে টাইব্রেকার ঠেকালেও সেখানে ভাগ্য আমাকে অনেকটাই সহায়তা করেছে।’ এ কথা শোনার পর আপনি মুসলেরাকে বিনয়ী না বললে, বেশ অন্যায়ই করবেন।তবে পেনাল্টি ঠেকানোর আগে একজন গোলরক্ষকের বেশ কিছু প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মুসলেরা। নিজের ব্যাপারে তিনি বলেছেন, ‘পেনাল্টির আগে আমি সাধারণত মাথা থেকে অন্য সব চিন্তা ঝেড়ে ফেলে একাগ্রচিত্তে বলের দিকে তাকিয়ে থাকি। এর পাশাপাশি আমি নিজের সহজাত প্রবৃত্তিগুলোর প্রতি নির্ভর করি।’বিশ্বকাপে উরুগুয়ে দলের একনম্বর গোলরক্ষক হিসেবে গোলবার সামলালেও মুসলেরার আন্তর্জাতিক অভিষেক কিন্তু বেশি দিন আগের নয়। এবারের বিশ্বকাপ বাছাই পর্বেরই শেষের দিকে ইকুয়েডরের বিপক্ষে তাঁর অভিষেক। সেই ম্যাচে আসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে দলকে জিততে সহায়তা করার পর পরই কোচ অস্কার তাবারেজের চোখে পড়ে যান। তাবারেজ তাঁকে নির্দ্বিধায় বিশ্বকাপে দলের একনম্বর গোলরক্ষক হিসেবে পছন্দ করে ফেলেন।বিশ্বকাপে যে চারটি দল সেমিফাইনালে উঠেছে তাদের গোলরক্ষকদের গোল বাঁচানোর পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন জার্মানির ম্যানুয়েল ন্যুয়ের। তিনি এ পর্যন্ত বিশ্বকাপে ১৮টি গোল বাঁচিয়েছেন। ফার্নান্দো মুসলেরা রয়েছেন ন্যুয়েরের ঠিক পরেই, তাঁর গোল বাঁচানোর সংখ্যা ১৫টি। এর পরের দুটি অবস্থানে রয়েছেন যথাক্রমে হল্যান্ডের মার্টিন স্টেকেলেনবার্গ ও স্পেনের ইকার ক্যাসিয়াস। বিশ্বকাপে এখনো পর্যন্ত মুসলেরা হজম করেছেন মাত্র দুটি গোল। সব মিলিয়ে পরিসংখ্যানই বিশ্বকাপের সেরা গোলরক্ষকের তালিকায় ওপরের দিকেই রেখেছে ফার্নান্দো মুসলেরাকে।ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার সেভ করে, তাকে ভাগ্যের সহায়তা বলে মুসলেরা যতই বিনয় দেখান, উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ তাকে কেবল ‘ভাগ্য’ বলে বিচার করতে একদমই নারাজ। তাবারেজ বলেছেন, ‘মুরসেলার ঘানার বিপক্ষে পেনাল্টি সেভ করাকে ভাগ্যের সহায়তা বলতে পারেন, সেটা তাঁর বিনয়, সন্দেহ নেই, কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হয়, পেনাল্টি ঠেকানো পুরোটাই হচ্ছে একজন গোলরক্ষকের অসাধারণ আত্মবিশ্বাসের ফসল।’ এর পরই মুসলেরা সম্পর্কে তাবারেজ তাঁর চূড়ান্ত অভিমত জানিয়ে দিলেন, ‘সে একজন তরুণ গোলরক্ষক। গোলবারে তাঁর উপস্থিতি উরুগুয়ের খেলোয়াড়দের মধ্যে এক অসাধারণ নিরাপত্তাবোধ এনে দেয়।’ তাবারেজ আরও বলেন,‘ মুসলেরার যা বয়স, সে আরও অনেক দিন উরুগুয়ের নির্ভরতার প্রতীক হয়ে থাকবে।'