ফার্নান্দোর স্বপ্নভঙ্গ
ভেঙে গেল ফার্নান্দোর বিশ্বকাপ খেলার স্বপ্ন। ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার পর্তুগালের হয়ে বিশ্বকাপ খেলার যে আবেদন করেছিলেন ফিফার কাছে, তা প্রত্যাখ্যাত হয়েছে। ব্রাজিলিয়ান ক্লাব ভিলা নোভা ছেড়ে ২০০৭ সালে পোর্তোতে যোগ দেন ফার্নান্দো। প্রথম মৌসুমে অবশ্য পর্তুগালেরই এস্ত্রেলা অ্যামাডোরাতে ধারে খেলেছেন। তবে ২০০৮ থেকে পোর্তোকেই ঘরবাড়ি বানানো ফার্নান্দো গত ডিসেম্বর নিয়েছেন পর্তুগিজ নাগরিকত্ব। পর্তুগালের হয়েই তাই যেতে চেয়েছিলেন জন্মভূমিতে বিশ্বকাপ খেলতে। ডিয়েগো কস্তা যেমন জন্মভূমি ব্রাজিলে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন স্পেনের হয়ে। কিন্তু ব্রাজিলের হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সময় ফার্নান্দো পর্তুগিজ নাগরিকত্ব দেখাতে না পারায় ফিফা তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। পরশু পর্তুগিজ ফুটবল ফেডারেশনই এক বিবৃতিতে ফার্নান্দোর স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে। ওয়েবসাইট।