ফাল্কনার ঝড়ে জিতল অস্ট্রেলিয়া

জয়ের জন্য শেষ ১৮ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৪ রান। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হয়তো জয় উদযাপনেরই প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু ৪৮তম ওভারেই সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছেন জেমস ফাল্কনার। ইশান্ত শর্মার এক ওভারেই ৩০ রান নিয়ে ছিনিয়ে এনেছেন ৪ উইকেটের দুর্দান্ত এক জয়। ৬৪ রানের ক্যারিয়ার-সেরা ইনিংসটা তিনি খেলেছেন মাত্র ২৯ বলে। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে ফাল্কনারের হাতে।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংসটি অবশ্য এসেছে অ্যাডাম ভোগসের ব্যাট থেকে। ফাল্কনারের সঙ্গে তিনিও মাঠ ছেড়েছেন অপরাজিত থেকেই।
অস্ট্রেলিয়াকে ৩০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে পাঠিয়ে বেশির ভাগ সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল ভারত। প্রথম ২০ ওভারের মধ্যে ৮৮ রানেই তিন উইকেট হারিয়ে বেশ চাপের মুখেই পড়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে জর্জ বেইলি আর অ্যাডাম ভোগসের ৮৩ রানের জুটিটাই হয়তো কিছুটা ভীতি জাগিয়েছিল ভারতীয় শিবিরে। কিন্তু এই প্রতিরোধও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৭তম ওভারে দলীয় ১৭১ রানের মাথায় বেইলিকে আউট করে এই জুটি ভাঙার পর জয়ই দেখছিল স্বাগতিকেরা। কিন্তু শেষ আট ওভারেই সবকিছু পাল্টে দিয়েছেন ভোগস আর ফাল্কনার। সপ্তম উইকেটে এই দুই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে যোগ করেছেন ৯১ রান, মাত্র ৫০ বলে।
এর আগে অবশ্য শুরুটা ভালোভাবেই করেছিল অস্ট্রেলিয়া। ফিলিপ হিউজ আর অ্যারন ফিঞ্চের উদ্বোধনী জুটি থেকে এসেছিল ৬৮ রান।
ভারতের আজকের এই হারে হয়তো সবচেয়ে বেশি আফসোস করছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১২১ বলে ১৩৯ রানের অসাধারণ ইনিংসটিও যে যথেষ্ট হলো না দলের জয়ের জন্য। সাত ম্যাচের ওয়ানডে সিরিজেও পিছিয়ে যেতে হলো ২-১ ব্যবধানে।