ফাস্ট বোলারদের নিয়ে ইমরান খানের শঙ্কা
ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ফাস্ট বোলারেরা হারিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন ইমরান খান। ফাস্ট বোলারদের বাঁচাতে ৫০ ওভারের এক দিনের ক্রিকেট বাতিলের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ১৯৯২ সালে অবসর নেওয়ার পর থেকে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। বিবিসিকে ৫৭ বছর বয়সী খান বলছেন, ‘ক্রিকেটের বর্তমান ব্যস্ত সূচি অব্যাহত থাকলে ফাস্ট বোলারেরা ডাইনোসারদের মতো বিলুপ্ত হয়ে যাবে।’ ফাস্ট বোলারদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পরামর্শও দিয়েছেন তিনি। ইমরান খান বলছেন, ‘৫০ ওভারের এক দিনের ম্যাচ তুলে নেওয়া উচিত। ২০ ওভারের টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থাকলেই যথেষ্ট।’কিন্তু পাঁচ দিনের টেস্ট খেলা বাদ না দিয়ে এক দিনের ম্যাচ বাতিল করতে হবে কেন? ইমরান খান বলছেন, ‘আমাদের সময় এক দিনের ক্রিকেটে ফাস্ট বোলারদের খুব একটা সমস্যা হতো না। কিন্তু এখন ফাস্ট বোলারদের সবচেয়ে বেশি মানসিক চাপে থাকতে হয় এক দিনের ক্রিকেটে। এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার সুযোগ নেই এখানে।’টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। ঝোড়ো ব্যাটিং দেখতে মাঠে হুমড়ি খেয়ে পড়েন সমর্থকেরা। কিন্তু পাঁচ দিনের টেস্ট ম্যাচে যে মাঠে দর্শকেরা আসতেই চান না! টেস্ট ক্রিকেট অনেকটাই জৌলুস হারিয়েছে স্বীকার করে ইমরান খান বলছেন, ‘আমি বিশ্বাস করি না যে টেস্ট ক্রিকেট তার আগের মান ধরে রাখতে পেরেছে।’