ফাস্ট বোলারদের নিয়ে হতাশ কারস্টেন
ফাস্ট বোলারদের নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে পরীক্ষার পর পরীক্ষা চালিয়ে গেছে ভারত। কিন্তু লাভ হয়নি বললেই চলে। শুরুতে জ্বলে উঠলেও ধারাবাহিকতা রাখতে পারেননি কেউ। এ নিয়ে হতাশ কোচ গ্যারি কারস্টেন।ক্রিকইনফোকে কারস্টেন বলছেন, ‘দুই বছর সাত মাস ধরে আমি ভারতীয় দলের সঙ্গে আছি। একদিনের ক্রিকেটে ১৫ থেকে ১৬ জন ফাস্ট বোলারকে নিয়ে চেষ্টা করেছি।’ এরপর ফাস্ট বোলদের নিয়ে হতাশা ব্যক্ত করে ভারতের এই কোচ বলছেন, ‘এটা আমাদের জন্য চিন্তার কারণ। কেউ আত্মবিশ্বাসের সুরে বলছে না, আগামী পাঁচ বছর ধরে আমি আন্তর্জাতিক ক্রিকেটে খেলব।’ কারস্টেন স্বীকার করছেন, পরীক্ষা করতে গিয়ে অনেক সময় বোলারদের প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হয়নি। এখন সময় এসেছে, ফাস্ট বোলারদের মধ্যে কয়েকজনকে বেছে তাঁদেরকে বেশি সময় দেওয়ার।আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা দুর্দান্ত হয়েছিল ইশান্ত শর্মার। কিন্তু কিছু দিনের মধ্যেই ফর্ম হারিয়ে ফেলেন এই ফাস্ট বোলার। কারস্টেন বলছেন, ‘ইশান্তকে ধৈর্য ধরে সময় দেওয়া প্রয়োজন আমাদের। গত তিন মাস দলে তার সুযোগ হয়নি। সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তার কিছু সময় প্রয়োজন।’দলের এ অবস্থায় একজন ব্যাটিং অলরাউন্ডার প্রয়োজন উল্লেখ করে কারস্টেন বলছেন, ‘একাধিক নয়, আমরা কেবল একজন আদর্শ ব্যাটিং অলরাউন্ডার খুঁজছি, যে ফাস্ট বল করতে পারে। ঘণ্টায় ১১৫ কিলোমিটার বেগে তাকে আমরা বল করার অনুমতি দিতে পারি না। আবার পাঁচ ম্যাচে একটি উইকেট পাবে এমন কাউকেও নিতে পারি না। দলে অবদান রাখতে পারে এমন একজনকে চাই আমরা।’