ফাহাদের টানা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাব-জুনিয়র দাবায় চ্যাম্পিয়নের মুকুট ধরে রেখেছে মোহাম্মদ ফাহাদ রহমান। বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার এবারের সাব-জুনিয়র দাবার শিরোপা জয়ের পথে সাত খেলার মাত্র একটিতে ড্র করেছে। কাল শেষ রাউন্ডে ফাহাদ হারিয়েছে নাঈম হককে, আর অনতা চৌধুরী আকিব জাওয়াদকে। সমান সাড়ে ৬ পয়েন্ট পেয়েও অনতা চৌধুরী রানারআপ হয়েছে টাইব্রেকারে। ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে সুব্রত বিশ্বাস। ৫ পয়েন্ট নিয়ে কিংশুক দাস চতুর্থ, নাঈম পঞ্চম ও আকিব ষষ্ঠ হয়েছে।
ফাহাদ প্রথম সাব-জুনিয়র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ২০১১ সালে। পরের দুই বছর অবশ্য ফেডারেশন সাব-জুনিয়র আয়োজন করেনি। গত বছরের পর এবারও শিরোপা জিততে পেরে উচ্ছ্বসিত ফাহাদ, ‘আমার আত্মবিশ্বাস ছিল এবারও চ্যাম্পিয়ন হব। তবে আমি সবাইকে সমীহ করে খেলেছি।’ বছরটা দুর্দান্তই কাটছে ফাহাদের। দিল্লিতে গত জুনে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ। এরপর গত আগস্টে আসামে ব্রোঞ্জ জেতে গুয়াহাটি ফ্রিডম ফাইটার টুর্নামেন্টে। আজ থেকে শুরু জাতীয় জুনিয়র দাবায় অংশ নেবে ফাহাদ। জিততে চায় সে জাতীয় জুনিয়র শিরোপাও।