ফাহাদের পাশে মাহিন্দ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহাদ রহমান
ফাহাদ রহমান

নিয়াজ মোরশেদ ভীষণ আনন্দিত। আবার নিজের শুরুর সময়টাকে মেলাতে গিয়ে একটু আফসোসও যেন করলেন, ‘আমিও তো এ রকম স্পনসর পাইনি। পেলে হয়তো অনেক ভালো হতো। ফাহাদকে তাই ভাগ্যবানই বলব!’
ফাহাদ রহমান সত্যিই নিজেকে ভাগ্যবান ভাবতে পারে। এত কম বয়সেই এই দাবাড়ু বড় একটা স্পনসর পেয়ে গেল। আগামী এক বছরের জন্য ফাহাদের পৃষ্ঠপোষক হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় মবিলিটি সলিউশনস সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা।
এই এক বছরে ফাহাদ বিদেশে যে কটি টুর্নামেন্ট খেলবে, সব খরচই দেবে প্রতিষ্ঠানটি। ফাহাদের কোচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও এই এক বছরে আর্থিক সহযোগিতা পাবেন মাহিন্দ্রার কাছ থেকে। এরই মধ্যে উত্তরায় নিয়াজের বাসার পাশে বাসা নিয়েছে ফাহাদের পরিবার, যাতে সে কোচের কাছাকাছি থেকে অনুশীলন করতে পারে। আবাসন ও আনুষঙ্গিক কিছু খরচ বাবদ মাসিক ভাতাও দেওয়া হবে দেশের কনিষ্ঠ ফিদে মাস্টারকে।
কাল স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে ফাহাদের সঙ্গে চুক্তি করেছে মাহিন্দ্রা। ফাহাদকে নিয়ে নিয়াজের নতুন মিশনটা তাই শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। ফাহাদের কোচ হিসেবে অবশ্য আগে থেকেই কাজ করছেন নিয়াজ। এখন আশা, আর্থিক এই সমর্থন পেয়ে মসৃণ গতিতেই সামনে এগিয়ে যাবে ফাহাদের ক্যারিয়ার।
ফাহাদের চোখে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন। তবে এই সময়ে সে পা বাড়াতে চায় আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে, ‘এই স্পনসরশিপ পাওয়ায় আগামী এক বছর বিদেশে অন্তত ছয়-সাতটি টুর্নামেন্ট আমি খেলতে পারব আশা করি, এটা আমাকে অনেক এগিয়ে দেবে।’
কতটা এগোনো সম্ভব এক বছরে? নিয়াজ মোরশেদের আশা, ‘আমি চাইব এই সময়ে সে রেটিং ২১৩৩ থেকে ২২৫০ করুক। তার তাত্ত্বিক ও ওপেনিং জ্ঞানটা কম। এই সময়ে তা নিয়ে আলাদা করে কাজ করব। সে আরও ভালো করবে বলেই আমার বিশ্বাস।’
মাহিন্দ্রা কমভিভার কান্ট্রি ম্যানেজার রিয়াদ হাসনাইনও সেই আশাবাদ রাখলেন, ‘শুধু এক বছরের জন্যই নয়, ফাহাদের পাশে আমরা লম্বা সময় থাকতে চাই।’ বাংলাদেশে এত খেলা থাকতে কেন দাবার ফাহাদকে বেছে নেওয়া? ‘ফাহাদ খুব সম্ভাবনাময়। তাই তাকে সহযোগিতা করতে আমরা এগিয়ে এসেছি’—বললেন রিয়াদ হাসনাইন।
অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ফাহাদকে গ্র্যান্ডমাস্টার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিলেন, তবে তাকে সহায়তার সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি। নিয়াজ অবশ্য মন্ত্রীর কাছে দাবি রেখেছেন, জাতীয় ক্রীড়া পরিষদ ফাহাদসহ আরও কিছু দাবাড়ুর জন্য যাতে মাসিক বৃত্তির ব্যবস্থা করে।