
বিশ্ব যুব দাবার অনূর্ধ্ব-১০ গ্রুপের স্ট্যান্ডার্ড বিভাগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছিল আগেই। তবে বিদ্যুৎগতির দাবায় রুপা জিতেছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান।
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে ব্লিৎজ বিভাগের সপ্তম রাউন্ডে ফাহাদ হারিয়েছে ভারতের রমারবিন্দ লেচুমানান নাগাপ্পানকে। সাত রাউন্ড শেষে সাড়ে ৬ পয়েন্ট পেয়ে রুপা জিতেছে ফাহাদ। ৭ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে ভারতের নিহাল সারিন। ব্লিৎজে সর্বোচ্চ ১০ মিনিটে খেলা শেষ করতে হয় একজন দাবাড়ুকে। দ্রুতগতির মধ্যে আরও আছে র্যাপিড ও বুলেট দাবা। বিশ্ব যুব দাবার ব্লিৎজ বিভাগে এবার অংশ নিয়েছে ১৩৬ জন দাবাড়ু।
ব্লিৎজের আগে স্ট্যান্ডার্ড বিভাগে ফাহাদ হয়েছে পঞ্চম। এগারো রাউন্ডে সাড়ে ৮ পয়েন্ট পেয়েছে ফাহাদ। একাদশ রাউন্ডে সে হারিয়েছে মঙ্গোলিয়ার গান-আরদেনে সুগারকে। এই বিভাগে সোনা জিতেছে যুক্তরাষ্ট্রের লিয়াং আয়োনদর। স্ট্যান্ডার্ড বিভাগে প্রতিযোগী ছিল ১৫০ জন।