ফাহাদের স্বপ্নে ধাক্কা
২৭-২৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে হচ্ছে অরেঞ্জ বোল স্কলাসটিক জুনিয়র দাবা। বাংলাদেশ থেকে জাতীয় সাব জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমান ও জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফকে পাঠানোর সিদ্ধান্ত আছে দাবা ফেডারেশনের। সাইফ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের ছেলে। মোকাদ্দেস নিজেও যেতে চান যুক্তরাষ্ট্রে। আট বছর বয়সী ফাহাদের সঙ্গী হবেন তাঁর বাবা, ফেডারেশনের এক যুগ্ম সম্পাদকের যাওয়ার প্রস্তুতি চলছে কিছুদিন ধরে।কিন্তু শেষ লগ্নে এসে ফাহাদের যাওয়া আটকে গেছে টাকা জোগাড় না হওয়ায়। ফাহাদের বাবা নজরুল ইসলাম তাই ভেঙে পড়েছেন, ‘আজই (গতকাল) মোকাদ্দেস সাহেব জানিয়েছেন, টাকা পাওয়া যায়নি। তাই ফাহাদের যাওয়ার দায়িত্ব তিনি নেবেন না। তিনি নিজের ছেলেকে নিয়ে আমেরিকা যাওয়ার চেষ্টা করবেন বলেছেন। আমরা ফেডারেশন সভাপতি বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের মহোদয়ের সঙ্গে দেখা করেছিলাম, মন্ত্রী কিছু করতে পারবেন না বলেছেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ নাকি ফাহাদের আমেরিকা যাওয়া নিয়ে নেতিবাচক কথা বলেছেন।’ভিন্ন অবস্থানের ব্যাপারে নিয়াজ মোরশেদের ব্যাখ্যা, ‘ফেডারেশন সভাপতি পরামর্শ চাইলে আমি বলেছি, আমেরিকার এই টুর্নামেন্টের নামও শুনিনি। কাজেই ওখানে গিয়ে কাজ নেই। ফাহাদের বাবার উচিত, ছেলেকে ভারতের বিভিন্ন টুর্নামেন্টে পাঠানো, যেখানে খেললেই ওর লাভ। ছেলেটা অসাধারণ মেধাবী। পরিচর্যা করলে সে অবশ্যই দারুণ কিছু করবে। বিশ্ব জুনিয়রে পাঠানোসহ আমি ওর সব দায়িত্ব নিতে চেয়েছি।’ ওদিকে মোকাদ্দেসের কথা, ‘টাকা না পেলে কীভাবে পাঠাব ফাহাদকে। আমি আমার ছেলেকে নিয়ে আমেরিকা যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে চেষ্টা করছি।’ফাহাদ গুলশান মডেল স্কুল ও কলেজে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান মিয়া বলছেন, ‘ফাহাদের পরিবার অসচ্ছল। ওর বাবাকে আমাদের স্কুলে অনারারি ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি। ছেলেকে আমেরিকা পাঠানোর আর্থিক সামর্থ্য তাঁর নেই। তাই সবার সহযোগিতা দরকার।’ফাহাদের স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও আর্থিক সহায়তা চাওয়া হয়েছিল। এখন ফাহাদের বাবার আকুতি, ‘ছেলের একটা ল্যাপটপ নেই। তবু আরও বড় স্বপ্ন দেখেছে এত দিন। টাকা না পাওয়ায় এখন সে কান্নাকাটি করছে। আমেরিকায় খেললে অবশ্যই ফাহাদ চ্যাম্পিয়ন হবে। দেশের মুখ উজ্জ্বল করবে। তাই আমেরিকা যেতে আমরা আর্থিক সহযোগিতা চাই। আমার ও ফাহাদের জন্য মাত্র চার লাখ টাকা দরকার।’