ফাহাদের 'আনন্দ' অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের কাছ থেকে ফাহাদের অভিজ্ঞতা সঞ্চয় l সৌজন্য ছবি
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের কাছ থেকে ফাহাদের অভিজ্ঞতা সঞ্চয় l সৌজন্য ছবি

উচ্চশিক্ষার্থে বিদেশে যাওয়াটা এ দেশের ছাত্রছাত্রীদের জন্য স্বাভাবিক ঘটনা। কিন্তু দাবা খেলা শিখতে বিদেশে! হ্যাঁ, দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান এবার দাবা শিখছে ভারতে।
চেন্নাইয়ের অন্যতম সেরা কোচ আর বি রমেশের দাবা একাডেমিতে গত জানুয়ারিতে ভর্তি হয়েছে ফাহাদ। সেখানে শুধু আর বি রমেশই নন, তাকে হাতেকলমে তিন দিন দাবা খেলার কিছু কলাকৌশল শিখিয়েছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।
সেই অভিজ্ঞতা নিয়ে ফাহাদ খেলছে গতকাল থেকে ফেডারেশনে শুরু হওয়া জাতীয় সাব-জুনিয়রে। টানা পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই গত সপ্তাহে দেশে ফিরে আসে ফাহাদ।
কাল দাবা ফেডারেশনে বসে ফাহাদের চেহারায় রোমাঞ্চের ছোঁয়া পাওয়া যাচ্ছিল, ‘আগে একবারই শুধু আনন্দ স্যারকে দেখেছিলাম। গত বছর মুম্বাই ওপেনে খেলতে গিয়ে দূর থেকে একনজর শুধু দেখেছি। কিন্তু এবার তিনি আমার কাছে এসে খেলা শিখিয়েছেন। কোনো বিশ্ব চ্যাম্পিয়নের দাবার টিপস নেওয়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল।’ পাশে বসা ফাহাদের বাবা নজরুল ইসলাম বলছিলেন, ‘বিশ্বনাথন আনন্দ ওর খেলা দেখে বলেছেন, ছেলেটার প্রতিভা আছে। আরও আগে কেন এই একাডেমিতে ওকে ভর্তি করাননি?’
গত বছর মুম্বাই ওপেন খেলতে গিয়ে এই একাডেমির খোঁজ পায় ফাহাদ। কিন্তু আর বি রমেশ প্রতি ঘণ্টার সেশনের জন্য আট হাজার ভারতীয় রুপি চান নজরুল ইসলামের কাছে। সাধ থাকলেও সাধ্যে কুলোবে না ভেবে সেবার পিছিয়ে এসেছিলেন ফাহাদের বাবা। কিন্তু এ বছর আবারও আর বি রমেশের কাছে গিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা খুলে বলেন। বিশেষ ছাড় দিয়ে এবার ফাহাদকে ভর্তি করে নেন রমেশ। আগামী এক বছর নিয়মিত এই একাডেমিতে কোচিং করবে ফাহাদ। বিভিন্ন টুর্নামেন্টেও খেলবে। এ জন্য চেন্নাইয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বাবা-ছেলে থাকছেন সেখানেই।
ফাহাদের সমস্যা ছিল ওপেনিং গেমে। আনন্দ সেই সমস্যার সমাধান বাতলে দিয়েছেন। ফাহাদ বলছিল, ‘উনি যেন একটা জীবন্ত কম্পিউটার!’ ফাহাদ এখন করছে ‘ক্যাম্প-কোচিং’। প্রতিদিন বেলা ১১টা থেকে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে তা। এভাবে টানা এক সপ্তাহ চলে ক্যাম্প কোচিং। একাডেমি থেকে অনুশীলন-সঙ্গী বাছাই করে দেওয়া হয়, তাদের সঙ্গেও চলে অনুশীলন।
ফাহাদের সমবয়সী ভারতীয় দাবাড়ুরা বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে। কিন্তু ফাহাদ চার বছর ধরে ফিদে মাস্টার, এখনো কোনো আন্তর্জাতিক মাস্টার নর্ম করতে পারেনি। কিন্তু তার সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া ভারতের নিহাল শারিন, প্রজ্ঞাননধা রমেশবাবু, ইরানের ফিরোজ আলি রেজারা ফাহাদকে ছাড়িয়ে গেছে অনেক আগে। প্রজ্ঞাননধা তো মাত্র ১০ বছর ১০ মাস বয়সে গত বছর বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়ে রেকর্ডও গড়েছে! এসব দেখে শুধুই আফসোস ঝরে ফাহাদের, ‘আমি ওদের মতো কোচিং করতে পারি না। বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে চাইলেও খেলতে যেতে পারছি না।’
ফাহাদের সবচেয়ে বড় সমস্যা পৃষ্ঠপোষকতার অভাব। ভারতীয় একটা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে গত জুনে। এরপর অনেক চেষ্টার পর দু-একটি স্পনসর জোগাড় করে খেলছে ফাহাদ। কিন্তু বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে, টাকার অভাবে ফাহাদের পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন তার বাবা।
আগামী মে থেকে জুলাই পর্যন্ত ভারতে কিট চেস ফেস্টিভাল, মুম্বাইয়ে মেয়র কাপ, কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে খেলার ইচ্ছা ফাহাদের। কিন্তু এসব টুর্নামেন্টে তার যাওয়া অনিশ্চিত। এসব বলতে বলতে ভারী চশমা পরা ফাহাদকে দিশেহারা দেখায় দাবার বোর্ডে।