বিপিএলের পাওনা-বিতর্ক ক্রমেই কদর্য চেহারা নিচ্ছে। পাওনা নিয়ে বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা মুখোমুখি বেশ কিছুদিন ধরেই। এবার শুরু হয়েছে ধারাবাহিক কথার লড়াই। মাত্র ৭০ হাজার ডলার পাওনা আছে, বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের এই দাবিকে ফিকা-প্রধান টিম মে বলেছেন ‘টোটাল ননসেন্স।’ জবাবে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন প্রশ্ন তুলেছেন, আদৌ টিম মের ‘সেন্স’ আছে কি না।কথার এই লড়াইয়ের সূত্রপাত আরেকটু আগে। বিসিবি বারবার ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ করেছে দাবি করে ফিকা-প্রধান টিম মে কয়েক দিন আগে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছিলেন বিপিএলের আগামী আসরগুলো বয়কট করার। আইনি লড়াই করলে আশ্বাস দিয়েছিলেন পাশে দাঁড়ানোরও। ফিকার দাবি, বিদেশি ক্রিকেটারদের পাওনা এখনো সব মিলিয়ে প্রায় ৬ লাখ ডলার। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ও সচিব—দুজনই এটি অস্বীকার করে দাবি করেছিলেন, পাওনা ৭০ হাজার ডলারের মতো। সেটাও বোনাসের অর্থ আর কিছু ক্রিকেটারের চোট-সমস্যা নিয়ে দেনদরবারের কারণে। পরশু পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফের দাবির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন টিম মে, ‘খেলোয়াড়দের পাওনা মাত্র ৭০ হাজার ডলার বলে বিপিএলের চেয়ারম্যানের মন্তব্য আমার নজরে এসেছে। তিনি আরও অভিযোগ করেছেন, ফিকা এই টুর্নামেন্টেকে ধ্বংস করার পরিকল্পনা করছে। এটা “টোটাল ননসেন্স” এবং বাস্তবতা ভুলে বিপিএল প্রশাসন থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার অগভীর ও সুচিন্তিত কৌশল। ফিকার একমাত্র উদ্দেশ্য হলো বিপিএল ও ফ্র্যাঞ্চাইজিগুলো চুক্তি অনুসরণ করুক। চুক্তি অনুযায়ী ফ্রাঞ্চাইজিগুলো ও বিসিবির (জামিনদার হিসেবে) কাছে দেশি-বিদেশি ক্রিকেটারদের পাওনা লাখ লাখ ডলার।’বিপিএল বয়কটের পরামর্শের কড়া প্রতিক্রিয়া জানিয়ে গাজী আশরাফ বলেছিলেন, ফিকা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিবৃতিতে এটা নিয়ে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছেন মে, ‘রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের ইচ্ছা আমাদের নেই। বাংলাদেশের ক্রিকেটাররাও ফিকার সদস্য। বিপিএল ভালোভাবে চললে সবারই লাভ, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের। কোন দুঃখে আমরা নিজেদের সদস্যদের স্বার্থবিরোধী প্রচারণা চালাব? ফিকার উদ্দেশ্য পরিষ্কার, ফ্র্যাঞ্চাইজিগুলো ও বিসিবি চুক্তিকে সম্মান করুক।’তবে টিম মের এই ‘অত্যুৎসাহী’ আচরণকে সন্দেহ করছেন গাজী আশরাফ। বিপিএল চেয়ারম্যানের দাবি, মে এক ধরনের ‘স্যাবোটাজ’-এর চেষ্টা করছেন, ‘আমার কথাকে ননসেন্স বলছে। ইজ হি টকিং সেন্স? বিপিএল বয়কটের পরামর্শ দিয়ে ক্রিকেটারদের আয়ের পথ বন্ধ করতে চাইছে। ওরা পারবে এত বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে? পারবে ক্রিকেটারদের নিরাপত্তা দিতে?’বিপিএল-সংক্রান্ত ব্যাপারে নিজেদের অগ্রগতিতে বরং সন্তুষ্টই আশরাফ, ‘দুটি বিষয় এখানে দেখতে হবে, ফ্র্যাঞ্চাইজিগুলোর ইচ্ছা ও সামর্থ্য। আর্থিক মন্দার এই সময়ে আমরা ৫ মিলিয়ন ডলার পেমেন্ট করেছি। বিশ্বের অনেক বোর্ডের বাৎসরিক বাজেটও এর চেয়ে কম। এই বড় অঙ্কের পেমেন্ট যে গতিতে হয়েছে, এটা মোটেও অসন্তোষজনক নয়। আমি তো বলব অবিশ্বাস্য কাজ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ‘১০ টাকার ৮ টাকাই আমরা দিয়ে দিয়েছি, ২ টাকার জন্য কেন এত হইচই? একটা বাচ্চা জন্ম হওয়ার পরই কি পরিণত মানুষের মতো আচরণ করবে? এটা বিপিএলের প্রথম আসর, গুছিয়ে নিতে একটু সময় লাগতেই পারে।’যাঁদের জন্য মের এত ‘হম্বিতম্বি’, সেই ক্রিকেটারদের কোনো সমস্যা নেই, দাবি বিপিএল চেয়ারম্যানের, ‘নাম জানাব না, কিন্তু অনেক আন্তর্জাতিক ক্রিকেটার আমাদের প্রতিদিনই ফোন করে বলছেন যে “মের কোনো অধিকার নেই আমাদের পরামর্শ দেওয়ার। টাকা পেতে একটু দেরি হতেই পারে, এটা আমরা জানি। আমরা আবার আসব বিপিএলে”।’ ফিকার কাছে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদপত্র অবশ্য পাঠাবে না বিপিএল কর্তৃপক্ষ, কারণ ফিকাকে এতটা পাত্তা দিতেই রাজি নয় তারা! দেশি ক্রিকেটারদের পাওনা নিয়ে অবশ্য একটু সুর নরম বিপিএল চেয়ারম্যানের। পুরো টাকা না পাওয়ার আশঙ্কা করে বোর্ড সভাপতি ও বিপিএলকে একটা চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ‘৬০ ভাগের অর্থ মতো দেওয়া হয়েছে’ স্বীকার করে আশরাফ বলেছেন, দেশি ক্রিকেটারদের ব্যাপারটা তাঁদের মাথায় আছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর ইচ্ছা থাকলেও সামর্থ্যের ব্যাপারটা মনে করিয়ে দিয়েছেন আরেকবার।সম্পূরক প্রশ্নও উঠছে, তবে কি ক্রিকেটারদের টাকার অঙ্কটা একটু বেশিই হয়ে গিয়েছিল? সরাসরি উত্তর দেননি আশরাফ, তবে জানিয়ে দিয়েছেন দ্বিতীয় আসরের আগে এটার পুনর্মূল্যায়ন করা হবে।