ফিকার নেতৃত্বে মার্শ-স্মিথ
উত্তরসূরিকে পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না টিম মেকে। তিনি দায়িত্ব ছাড়ার পরদিনই নতুন নেতৃত্ব বেছে নিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স আসোসিয়েশনস (ফিকা)। ক্রিকেটারদের এই আন্তর্জাতিক সংস্থার নতুন নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার পল মার্শ। আর প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ইয়ান স্মিথ।
ক্রিকেটারদের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে অবশ্য এ দুজন বেশ আগে থেকেই যুক্ত। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছেন মার্শ। ফিকার নির্বাহী চেয়ারম্যান হলেও এসিএর দায়িত্বটা আগের মতোই পালন করে যাবেন তিনি। ২০০৪ সাল থেকে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) আইনবিষয়ক পরিচালক হিসেবে কাজ করছেন ইয়ান স্মিথ। তবে নতুন দায়িত্বেও তাঁরা দুজনেই খুব ভালো করবেন বলে আশাবাদী ফিকার সভাপতি জিমি অ্যাডামস, ‘পল মার্শ ও ইয়ান স্মিথের মতো দুজনকে নেতৃত্বে পেয়ে ফিকা বোর্ড খুব আনন্দিত।’ ইএসপিএন।