ফিকার মামলার হুমকি
বিপিএল নিয়ে ভালো বিপদেই পড়েছে বিসিবি। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের অনেক খেলোয়াড়ই এখনো তাঁদের পুরো পাওনা বুঝে পাননি। এ নিয়ে অনেক দিন ধরেই দেনদরবার চলছিল। বিসিবি এখনো সবার পাওনা পরিশোধ না করায় এবার ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা আইনের আশ্রয়ই নিতে যাচ্ছে। খেলোয়াড়দের সংগঠনটি ঢাকায় নিযুক্ত তাদের আইনজীবীদের সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি ও বিসিবির বিরুদ্ধে পাওনা নিয়ে মামলা করতে বলেছে। ফিকার প্রধান নির্বাহী টিম মে ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা চার মাস অপেক্ষা করেছি। কয়েকবার দেওয়া সময় পেরিয়ে গেছে, অনেক অজুহাত দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন এই পর্যায়ে যে, আলাপ-আলোচনার আর কোনো সুযোগ নেই। বিসিবি এখন ফিকার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছে।’বিসিবির আচরণকে একরকম ‘অপেশাদার’ আখ্যা দিয়ে টুর্নামেন্ট আয়োজনে যুক্ত অনেকের সততা নিয়েই প্রশ্ন তুলেছেন মে। কয়েকটি দেশের অনেক খেলোয়াড় অংশ নেন এই টুর্নামেন্টে। এদের মধ্যে নিলামে সর্বোচ্চ সাত লাখ ডলারে বিকিয়েছিলেন শহীদ আফ্রিদি। তবে পাকিস্তানের এই অলরাউন্ডার গত মাসে বলেছেন, তিনি তাঁর পাওনা টাকা পেয়ে গেছেন। ‘আমাদের বোঝাপড়াটা ভালো হলে ব্যাপারটা এমন হতো না। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যখন নগদ অর্থ নিয়ে সমস্যায় ছিল, তখন আমরা তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু বিসিবির আচরণ এমনই অপেশাদার যে তাদের ওপর আর কোনো ভরসাই আমাদের নেই’—বলেছেন ফিকা প্রধান। বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে সরাসরি আক্রমণও করেছেন তিনি, ‘বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে যাঁরা আছেন, তাঁদের সততা ক্রমাগত নিয়ন্ত্রণহীনভাবে নিচের দিকে নামছে। মুস্তফা কামালের কাছ থেকে ক্রমাগত আশ্বাস পেয়ে গেছি আমরা। কিন্তু বারবার পাওনা অপরিশোধিত থেকে যাওয়াটা তাঁর জন্য ভালো কিছু হবে না। অথচ এই ব্যক্তিই আইসিসির পরবর্তী প্রেসিডেন্ট হবেন বলে ধারণা করা হচ্ছে।’ এসব ঘটনাপরম্পরায় আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় বিপিএলের ভবিষ্যৎই পড়ল হুমকির মুখে। খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপারটা নিয়ে ফিকা এখন একটা অনমনীয় অবস্থানেই থাকবে। ক্রিকইনফো।