ফিক্সিং তদন্তে নাম আছে শ্রীনিবাসনেরও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এন শ্রীনিবাসন।
এন শ্রীনিবাসন।

আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারির জেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদে থাকতে পারেননি শ্রীনিবাসন। তাঁর জায়গায় আদালতের সুপারিশ অনুযায়ী বিসিসিআইতে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুনীল গাভাস্কার ও শিবলাল যাদব। তবুও হাল ছাড়েননি শ্রীনি। বিসিসিআইয়ের সভাপতি পদে ফিরে আসতে দেশটির শীর্ষ আদালতে আপিল করেন। ফিরে আসা তো দূরে থাক, উল্টো নতুন বিপাকেই পড়েছেন শ্রীনি।
সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়েছেন, শ্রীনিবাসন বিসিসিআইয়ে ফিরতে পারবেন না। কারণ, আইপিএলের দুর্নীতি তদন্তে তাঁর নাম পাওয়া গেছে। শুধু তিনিই নন, তদন্তে নাম আছে আরও ১২ ক্রিকেটারের। সবার ব্যাপারেই সুষ্ঠু তদন্তের পক্ষে মত দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
শ্রীনিবাসনের বিরুদ্ধে ১২টি অভিযোগ উঠেছে। এর পরও তিনি ফিরে আসতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত বলেছেন, ‘মনে হচ্ছে শ্রীনিবাসন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না। সব অভিযোগ জানার পরও চোখ বন্ধ করে থাকতে পারি না আমরা।’
বোর্ড থেকে সরে দাঁড়ালেও গত সপ্তাহে দুবাইয়ে আইসিসির সভায় বিসিসিআই প্রতিনিধি হিসেবে ঠিকই যোগ দিয়েছেন শ্রীনিবাসন। এমনকি জুলাইয়ে ‘তিন জমিদারে’র প্রস্তাবিত কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান পদেও বসার কথা তাঁর। যদিও ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা আহ্বান জানিয়েছে, আইসিসির কোনো দায়িত্বও যেন না দেওয়া হয় শ্রীনিবাসনকে। কিন্তু ফিকার আহ্বানে আইসিসি যে থোড়াই কেয়ার করে, সেটাই বোঝা গেছে গত সভায়।