ফিক্সিং নিয়ে চিন্তিত শাহরুখ খানও

সততা আর কঠোর পরিশ্রমের শিক্ষাই তাঁর শিষ্যদের দিয়েছিলেন কোচ কবির খান। বলিউডের ছবি ‘চাক দে ইন্ডিয়া’র সেই কোচের ভূমিকায় অভিনয় করা শাহরুখ খান মনে করেন, ক্রীড়াবিদদের অবশ্যই হতে হবে সত্। আইপিএলের সূত্র ধরে আবার ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেওয়া স্পট ফিক্সিং কেলেঙ্কারি ভাবিয়ে তুলেছে কলকাতা নাইট রাইডার্সের মালিককেও। ক্রীড়াজগতের এসব অপকর্ম লোভ থেকেই তৈরি হয় বলে মনে করেন কিং খান।
আইপিএলের ষষ্ঠ আসরে শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্ডিলার স্পট ফিক্সিং কেলেঙ্কারি তোলপাড় ফেলেছিল পুরো ভারতীয় ক্রিকেট অঙ্গনে। তবে এটা শুধু ভারতীয় ক্রিকেট অঙ্গনেরই সমস্যা না বলে মনে করেন শাহরুখ। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ফিক্সিংটা দুনিয়াজুড়েই আছে। মানুষ যেখানেই বাজি ধরবে, সেখানেই ফিক্সিং থাকবে। শুধু ক্রিকেটেই না, ইংলিশ প্রিমিয়ার লিগ, অন্যান্য খেলাতেও আছে। এটা একটা আন্তর্জাতিক বিষয়। যেখানে বাজি ধরাটা আইনত বৈধ, সেখানেও ফিক্সিংয়ের ঘটনা ঘটে। ফলে যাদের মনে লোভ আছে, তারা সব সময়ই এ ধরনের সুযোগ নেবে। চলচ্চিত্র, সাংবাদিকতা, খেলাধুলা সব পেশাতেই একই ঘটনা।’
সমস্যাটার সমাধানও খুব একটা সহজ নয়। কারণ শাহরুখের মতে ফিক্সিংটা হয় লোভ থেকে, ‘ম্যাচ ফিক্সিংয়ের ধারণাটা কেউই পছন্দ করে না। এটা মেনে নেওয়া খুবই কঠিন। কেউ হয়তো এটা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করতে পারেন কিন্তু যত দিন মানুষের মনে লোভ থাকবে, তত দিন এটাও পুরোপুরি দূরও হবে না।’ সূত্র: পিটিআই।