ফিক্সিং নিয়ে নিশ্চুপ ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল শেষে মাত্র এক দিনের বিরতি, পরশুই শুরু হলো ভারতের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন মহেন্দ্র সিং ধোনি। দলের মিডিয়া ম্যানেজার শুরুতেই বলেছিলেন, প্রশ্ন করতে হবে শুধুই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। তবে ফিক্সিং আলোড়নের এই সময়ে কি আর শুধু চ্যাম্পিয়নস ট্রফিতে আটকে থাকে প্রশ্ন! ফিক্সিংয়ের প্রসঙ্গ উঠল, কিন্তু কোনো জবাব দেননি ভারত অধিনায়ক। কথা বললেন শুধু চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে, দ্য টেলিগ্রাফ থেকে তুলে দেওয়া হলো সেটাই

l ভারতীয় দলের সম্ভাবনা...

মহেন্দ্র সিং ধোনি: আমরা একবার যৌথভাবে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি, তবে এককভাবে জেতা হয়নি। এটাই সম্ভবত এই টুর্নামেন্টের শেষ আসর, ট্রফি জয়ের শেষ সুযোগও এটা। দলটাকে যথেষ্টই ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। কিছু চ্যালেঞ্জিং ব্যাপার আছে, যেমন ওয়ানডের নতুন আইনগুলো। নতুন আইনে এই প্রথম উপমহাদেশের বাইরে খেলব আমরা। তবে টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ আছে আমাদের। সেরা দলগুলো খেলে বলে চ্যাম্পিয়নস ট্রফি সব সময়ই কঠিন, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে প্রস্তুত হওয়ার যথেষ্ট সময় আমরা পাব।

l ২০১১ সালের দুঃস্বপ্নের সফরের পর আবার ইংল্যান্ডে ফেরা...

ধোনি: সর্বশেষ ইংল্যান্ডে গিয়ে আমরা টেস্ট সিরিজে ভালো করতে পারিনি। যদিও ওয়ানডেতে খুব একটা খারাপ করিনি আমরা। বৃষ্টির কারণে খানিকটা ঝামেলা হয়েছিল, সব কটি টস হেরেছিলাম আমরা। টস হারায় স্পিনারদের অনেক সময়ই ভেজা বলে বোলিং করতে হয়েছে, ওরা খুব একটা সুবিধা করতে পারেনি। ফলাফলটা বাদ দিলে (ইংল্যান্ড জিতেছিল ৩-০-তে) ওয়ানডে সিরিজের পারফরম্যান্স তখন খারাপ ছিল না।

l এটাই ভারতের সেরা পেস আক্রমণ কি না...

ধোনি: এটা বলা মুশকিল। কারণ, অতীতে আমরা এমন টুর্নামেন্ট খেলেছি, যখন ফাস্ট বোলাররা খুব ভালো ফর্মে ছিল, পেস আক্রমণে অভিজ্ঞতাও ছিল। এই বোলিং আক্রমণে এমন সব বোলার আছে, যারা ইংলিশ কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগাতে পারে। ভুবনেশ্বর কুমারের মতো একজন আছে, যে বল দারুণ সুইং করাতে পারে। উমেশ যাদবের মতো গতিময়ও একজন আছে। ফিট ছিল না বলে গত বছর ওর অভাব আমরা বোধ করেছি। এখন ও ফিট, সব মিলিয়ে বোলিং আক্রমণ ভালোই মনে হচ্ছে। এখন শুধু বৃত্তের মধ্যে পাঁচ ফিল্ডার রাখার নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া, লেংথটা খুঁজে পাওয়ার ব্যাপার। ভুবনেশ্বর, ইরফান, ইশান্ত, উমেশ, বিনয় একেকজন একেক রকম—আমাদের পেস আক্রমণে বৈচিত্র্য আছে।

l অনভিজ্ঞ উদ্বোধনী জুটি...

ধোনি: আমাদের দুই ওপেনার (শিখর ধাওয়ান ও মুরালি বিজয়) সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভালো করেছে। জানি, ওয়ানডেতে চ্যালেঞ্জটা ভিন্ন, রানের গতি বাড়াতে হয়। তবে রানের গতির সঙ্গে শক্ত একটা ভিত পাওয়াও জরুরি, যেটার ওপর দাঁড়িয়ে ইনিংস গড়ে তোলা যায়। তরুণদের জন্য এটা একটা সুযোগ। শিখর ও বিজয় অনেক দিন থেকেই ধারাবাহিক, ওরা সেটার পুরস্কার পেয়েছে। আশা করি, ওরা ভালো করবে এবং মিডল অর্ডারকে চাপহীন অবস্থায় খেলার সুযোগ করে দেবে।

l চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্সে স্পট ফিক্সিং বিতর্কের প্রভাব...

ধোনি: কোনো মন্তব্য করব না।

l বিন্দু দারা সিংকে (স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার বলিউডের অভিনেতা) ব্যক্তিগতভাবে চেনেন কি না...

ধোনি: (হাসি, পাশে বসা মিডিয়া ম্যানেজার বললেন, পরের প্রশ্ন)।

l চ্যাম্পিয়নস ট্রফিতে দল অন্যায় কিছু করবে না, ভারতবাসীকে এই নিশ্চয়তা তিনি দিতে পারেন কি না...

ধোনি: (উত্তর নেই)।

l ১৫ জুনের ভারত-পাকিস্তান লড়াই...

ধোনি: দুই দলই বেশ ভারসাম্যপূর্ণ, পাকিস্তানের বোলিং আক্রমণ বরাবরের মতোই খুব ভালো। আজমলের মতো রহস্য বোলার আছে ওদের...তাই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে, ওর বিপক্ষে রান করার পথ খুঁজে বের করতে হবে আমাদের ব্যাটসম্যানদের। আমাদের পেসাররাও কন্ডিশনকে ভালো কাজে লাগাতে পারবে, দারুণ একটি ম্যাচের আশা তাই করা যায়। যেকোনো সময়, যেকোনো জায়গায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মানেই চাপের। আশা করি, আমরাই জিতব।

l আইপিএলের পর পর ভারত সব সময়ই খারাপ করে...

ধোনি: এটার জবাব দেওয়া মুশকিল...কারণ আপনাদের দাবির সপক্ষে প্রমাণ দেবে পরিসংখ্যান। আমি তো বলব, এই যে আমাদের সবার ফিটনেস এখন দারুণ, এটার কারণ আইপিএল। আইপিএলের কারণে সবাই খেলার মাঝেও আছে।