ফিক্সিং নিয়ে ধোনির মুখে কুলুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি মিডিয়ার প্রতিবেদকের প্রশ্নে ধোনির নীরবতা উসকে দিচ্ছে সন্দেহকে!
জি মিডিয়ার প্রতিবেদকের প্রশ্নে ধোনির নীরবতা উসকে দিচ্ছে সন্দেহকে!

আইপিএল ফিক্সিং কেলেঙ্কারি থেকে সন্দেহমুক্ত নন মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না—কদিন আগে এমনই বোমা ফাটিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম। বিষয়টির সত্যাসত্য যাচাই করতে সম্প্রতি ভারতীয় অধিনায়কের কাছে গিয়েছিলেন জি মিডিয়ার এক প্রতিবেদক। প্রতিবেদককে এ বিষয়ে কোনো ধরনের উত্তর দিতে অস্বীকার করেন ধোনি।

গত মাসে ফিক্সিংয়ে ধোনি-রায়নার সংশ্লিষ্টতার খবর ফাঁস করেছিল ইন্ডিয়া টুডে। পত্রিকাটি লিখেছিল, বিচারক মুডগালকে একটি প্রতিবেদন দাখিল করেছেন বর্তমানে ত্রিচি রেলওয়ের এসপি জি সামপাথ কুমার। সিআইডির অপরাধ বিভাগের এসপি থাকাকালে সামপাথ গত বছর একটি তদন্তের সূত্র ধরে কয়েকজন বাজিকরের সঙ্গে পরিচিত হন। সামপাথ মুডগালকে যে প্রতিবেদনটি দিয়েছেন, সেখানে ধোনি ও রায়নার নাম উল্লেখ রয়েছে। তবে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে পরিষ্কার করে বলা হয়নি, ধোনি বা রায়না কীভাবে স্পট ফিক্সিংয়ে সাহায্য করেছেন বলে প্রতিবেদন দিয়েছেন সেই এসপি সামপাথ।

এ ছাড়া জি নিউজের একটি খবরে বলা হয়, সামপাথের জিজ্ঞাসাবাদে উত্তম জৈন ওরফে কিটি নামের এক বাজিকর সরাসরি ধোনি-রায়নার নাম উল্লেখ করেছেন। বুকিদের সঙ্গে লেনদেনের ব্যাপারে এই দুজনসহ ভারতের জাতীয় দলে খেলেছেন এমন ছয় শীর্ষ ক্রিকেটারের নাম এসেছে। এখন জি মিডিয়ার প্রতিবেদকের প্রশ্নে ধোনির নীরবতা কী সন্দেহকেই উসকে দিচ্ছে না? সূত্র: জি নিউজ ও ওয়েবসাইট।