ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে মাহমুদের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন খালেদ মাহমুদ। কাল সংবাদমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন তিনি। সেটি প্রায় হুবহু ছাপা হলো—গত শুক্রবার ৩১.০৫.২০১৩ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত একটি প্রতিবেদন আপনাদের নজরে পড়ে থাকবে, যা আমারও দৃষ্টি আকর্ষণ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ক্রিকেট বুকির সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়েছি। এই একই অভিযোগ করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্য দুজন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধেও। এখানে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কখনই কোনো ক্রিকেট জুয়াড়ির সঙ্গে আমি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে পরিচয় করিয়ে দিইনি। আশরাফুলের সঙ্গে সহকারী খেলোয়াড়/কোচ হিসেবে আমার সম্পর্ক। আমার সমৃদ্ধ খেলোয়াড়ি ও কোচিং ক্যারিয়ারে কখনই এ ধরনের অভিযোগ ওঠেনি। কথিত বুকিদের নাম এর আগে আমি কখনই শুনি নাই এবং তাদের সঙ্গে পরিচয় বা মিটিংয়ের খবর সম্পূর্ণ অবান্তর, মিথ্যা ও কল্পনাপ্রসূত। আমি বাংলাদেশ জাতীয় দলে দশ বছর খেলোয়াড় হিসেবে সেবা প্রদান করেছি এবং অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছি। এ ছাড়া আমি জাতীয় দলের ম্যানেজার, সহকারী কোচ এবং বিসিবির নানা পদে সাড়ে চার বছর অবদান রেখেছি। আমি এডহক কমিটিতে বিসিবির ডিরেক্টর হিসেবে থাকাকালীন আকসুকে বিপিএল টুর্নামেন্টে সম্পৃক্ত করতে জোরালো প্রস্তাব করি এবং পরবর্তী সময়ে বিসিবি উক্ত প্রস্তাব গ্রহণ করে আকসুকে দ্বিতীয় বিপিএল আসরে সম্পৃক্ত করে। এটা পরিচ্ছন্ন ক্রিকেটের জন্য আমার প্রতিজ্ঞা/ইচ্ছাকে প্রমাণ করে। যেহেতু আকসু ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত করছে এবং বিষয়টি তদন্তাধীন, আমি আশা করি আকসু পূর্ণ তদন্ত করে দ্রুত সত্য প্রকাশ করবে। আমি আকসু বা যেকোনো তদন্ত কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করে আসছি এবং সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।আমি সবাইকে আকসু তদন্তাধীন বিষয়ে মন্তব্য না করার জন্য এবং আমার বিরুদ্ধে মানহানিকর ও অবান্তর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।