ফিক্সিংয়ের সন্দেহে তিন কিউই

আগের দিন দ্য নিউজিল্যান্ড হেরাল্ড-এর শিরোনাম—বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিপ্রবণ দেশ নিউজিল্যান্ড। ভেতরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদন, যাতে দেখা যাচ্ছে ডেনমার্কের সঙ্গে যৌথভাবে বিশ্বের সবচেয়ে ‘পরিশুদ্ধ’ দেশের সম্মান পেয়েছে নিউজিল্যান্ড।
একই পত্রিকায় পরের দিনের শিরোনাম—সন্দেহের তালিকায় তিনজন! বিস্তারিত খবরটা পড়লে জানা যাবে, ম্যাচ পাতানোতে জড়িত থাকা সন্দেহে তিন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটারের বিষয়ে তদন্ত করছে আইসিসি দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)।
কী বিস্ময়কর বৈপরীত্য!
তিন ক্রিকেটারের পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি আকসু কিংবা নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে। তবে বোমা ফাটানো খবরটা প্রকাশ করেছে যারা, সেই নিউজিল্যান্ড হেরাল্ডই জানিয়ে দিয়েছে নামগুলো। তিনজনই একসময় বিশ্ব ক্রিকেটের বেশ পরিচিত মুখ—ক্রিস কেয়ার্নস, লু ভিনসেন্ট ও ড্যারিল টাফি। নামগুলো নিশ্চিত না করলেও এ খবর প্রকাশের পরই আইসিসি বিবৃতি দিয়ে দুর্নীতির তদন্তের বিষয়টি স্বীকার করেছে। একই সঙ্গে আরও জানানো হয়েছে, ‘তদন্ত এখনো চলছে এবং এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো বিষয়ে অভিযোগ গঠন করা হয়নি। এ সম্পর্কে আইসিসি বা নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করা হবে না।’
যে তিনজনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাঁদের নাম জানেন বলে স্বীকার করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি কিছু ব্যাপার নিশ্চিত করতে চাই। বর্তমান দলের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। নিউজিল্যান্ডে হওয়া কোনো ম্যাচ কিংবা নিউজিল্যান্ড ক্রিকেটের আওতাধীন কোনো ম্যাচ নিয়েও তদন্ত হচ্ছে না।’
ডেভিড হোয়াইট না বললেও আইসিসির তদন্তে ‘সহযোগিতা’ করছেন বলে পরে বিবৃতি দিয়ে স্বীকার করেছেন লু ভিনসেন্ট নিজেই, ‘তদন্তের কিছু নিয়মকানুন আছে, যে কারণে আমি প্রকাশ্যে এর বেশি কিছু বলতে পারছি না। যখন সময় হবে, আমি নিজেই সবাইকে বলব। তত দিন পর্যন্ত আমার এবং আমার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’
গতকাল স্থানীয় সময় সকালে যখন খবরটা ছড়ায়, কেয়ার্নস তখন স্কাই টিভির হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন ডানেডিন টেস্টের। বিকেলের বিমানেই উড়ে গেছেন অকল্যান্ডে পরিবারের কাছে। স্কাই টিভির এক মুখপাত্র জানিয়েছেন, এই টেস্টে আর ধারাভাষ্য দেবেন না বলে ঠিক করেছেন কেয়ার্নস। তবে সংবাদমাধ্যমকে এড়িয়ে যাওয়ার এই চেষ্টায় কেয়ার্নস পুরোপুরি সফল হতে পারেননি। পরে তিনিও একটা বিবৃতি দিতে বাধ্য হয়েছেন, ‘আইসিসি, নিউজিল্যান্ড ক্রিকেট কিংবা খেলোয়াড় অ্যাসোসিয়েশনের কেউ আমার সঙ্গে তদন্তের এই ব্যাপারটি নিয়ে যোগাযোগ করেনি। আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য ছিল না, ফলে আজকের সংবাদমাধ্যমের খবরটা দেখে আমি বিস্মিত ও আতঙ্কিত হয়েছি।’ এর আগে কেয়ার্নসের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। গত বছর কেয়ার্নস লন্ডনের আদালতে মোদির বিরুদ্ধে মানহানি মামলা করে জেতেন এবং এক লাখ ৪৭ হাজার ডলার ক্ষতিপূরণ পান।
নিউজিল্যান্ড ছেড়ে অনেক দিনই অস্ট্রেলিয়াপ্রবাসী ড্যারিল টাফির প্রতিক্রিয়া জানা হয়নি। এএফপি, রয়টার্স।