ফিগোর চোখে মেসি-নেইমার জুটি
কনফেডারেশনস কাপে নেইমার যেমন খেলছেন তাতে প্রথমেই দর্শকের চোখে ভেসে উঠছে হয়তো আগামী মৌসুমের মাঠের বার্সেলোনা। যেখানে একুশ পেরোনো ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে পাশে নিয়ে খেলবেন মেসি। কেমন হবে বার্সেলোনায় মেসি-নেইমার যুগলবন্দী? ন্যু ক্যাম্পে দুজন সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠবেন সেটাই যেন সবাই দেখছেন দিব্যদৃষ্টিতে। সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকা লুইস ফিগোও আশাবাদী, দুজনের জুটিটা জমবে ভালো!গত মাসেই ৫ কোটি ৭০ লাখ ইউরো দিয়ে নেইমারকে কিনেছে বার্সেলোনা। অনেকেই চোখ কপালেই তুলেছিলেন, বড্ড বেশিই খরচ হলো! সংশয় ছিল, নেইমার আলো ছড়াতে পারবেন তো? নাকি মেসির ছায়ায় ঢাকা পড়ে থাকবেন? কিন্তু নেইমার যেন এই সংশয়বাদীদের চোখে রোমাঞ্চকর আগামীর ছবিই এঁকে দিয়েছেন। ফিগো মনে করেন, এই দুজনের জুটিটা না জমার কোনো কারণই নেই। যদি না জমে, সেটা হবে মাঠের বাইরের কোনো কারণে। রিয়ালের সাবেক ‘গ্যালাকটিকো’র কথা, ‘গ্রেট খেলোয়াড়েরা সব সময় একে অন্যকে ভালোই বুঝতে পারে। যদি তারা সেটা না পারে, সেটা আর যা-ই হোক, ফুটবলের কারণে হবে না।’ তবে ফিগোর শেষ বক্তব্যেই পরিষ্কার, দুই তারকার সম্পর্কটাও ভালো থাকতে হবে! বার্সা অবশ্য আগেই জানিয়ে রেখেছে, মেসির সবুজ সংকেত পেয়েই নেইমারকে এনেছে তারা। তাই আপাতত সিঁদুরে মেঘ না দেখলেও চলবে বার্সা সমর্থকদের। এ মুহূর্তে একটা দাতব্য ম্যাচ খেলতে ভেনেজুয়েলায় আছেন ফিগো। কনফেডারেশনস কাপটা ব্রাজিল বা স্পেনের হাতেই দেখছেন, ‘কাগজে-কলমে ব্রাজিল আর স্পেন ফেবারিট। তবে বাস্তবে তো এমনটা না-ও হতে পারে, দেখা যাক কে জেতে।’ ওয়েবসাইট।