ফিগোর বন্ধু মোহামেডানের কোচ

চেহারায় রাজ্যের ক্লান্তির ছাপ। মনে হচ্ছে জেটল্যাগ ভালোভাবে কাটেনি। ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি চলে এসেছেন মতিঝিল মোহামেডান ক্লাবে। লিসবন-তুর্কি হয়ে ঢাকায় আসতে ততক্ষণে পেরিয়ে গেছে দুই দিন। ইউসেবিও, লুই ফিগো ও ক্রিস্টিয়ানো রোনালদোদের দেশের কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তা এখন ঢাকায়।
মোহামেডানের ফুটবল কোচ সাইফুল বারী টিটো জানুয়ারি থেকে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সহকারীর দায়িত্বে। কয়েক মাস আগে থেকে তাই ভালো একজন বিদেশি কোচের খোঁজে ছিল সাদা-কালোরা। রুই কাপেলার সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েই ছিল আগেই। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিচয় করে দেওয়া হলো আজ। আপাতত ছয় মাসের চুক্তিতে কাজ করবেন ক্যাপেলা। পারফরম্যান্সের ভিত্তিতেই এই চুক্তির মেয়াদ বাড়ানো হবে।
খুব বেশি ভালো ইংরেজি বলতে পারেন না ক্যাপেলা। সেই সঙ্গে ছিল ভ্রমণের ক্লান্তি। তাই পরিচয় পর্বের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দিলেন সংক্ষিপ্ত আকারে। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। ইউরোপের ক্লাবগুলো ছেড়ে বাংলাদেশে আসার কারণ হিসেবে বললেন এটাই, ‘এখানে এসেছি একটা আলাদা অভিজ্ঞতা, আলাদা চ্যালেঞ্জ নিতে। এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি।’
কতটুকু চ্যালেঞ্জ নিতে পারবেন তিনি? কোচিং ক্যারিয়ারটা খুব বেশি সমৃদ্ধ নয়। পর্তুগালের লেভেল ওয়ান কোচেস কোর্স করেছেন। আছে উয়েফা লেভেল টুয়ের লাইসেন্স। ঢাকায় আসার আগে দায়িত্বে ছিলেন প্যারাগুয়ের ক্লাব থ্রি ডি ফেবরেরো ও পর্তুগালের ক্লাব পোরতেমনিয়াসে। এর আগে কোচিং করিয়েছেন পর্তুগালের ক্লাব কোয়াতেরয়েনসে। মোহামেডান ও বাংলাদেশের ফুটবল সম্পর্কে যা ধারণা সেটা শুধু ইন্টারনেট ঘেঁটেই জেনেছেন।
সাধারণত ৪-৩-৩ ফরমেশনে খেলাতেই ভালোবাসেন ক্যাপেলা। নান্দনিক ফুটবল উপহার দেওয়ায় তাঁর লক্ষ্য। পর্তুগালের অনূর্ধ্ব-১৬ ও ১৮ দলে খেলেছেন এই মিডফিল্ডার।
পর্তুগিজ কোচ হোসে মরিনহো তাঁর আদর্শ। তবে পেপ গার্দিওলার কোচিং পদ্ধতিও ভালো লাগে। পর্তুগালের সাবেক ফুটবলার এবং রিয়াল মাদ্রিদ তারকা লুই ফিগো তাঁর বন্ধু বলে দাবি করলেন আজ, ‘ফিগো আমার বন্ধু। ওর সঙ্গে খুব ভালো খাতির আছে। প্রায়ই ফোনে কথা হয় ওর সঙ্গে।’ কখনো কি ঢাকায় ফিগোকে আনতে পারবেন? উত্তরে হেসে বললেন, ‘এটা খুব কঠিন কাজ। সে তো খুবই ব্যস্ত মানুষ।’
মোহামেডানে আসা বিদেশি কোচের তালিকায় অষ্টম ক্যাপেলা। এর আগে নাসির হেজাজি, ম্যানিয়াং ক্যাং, সামির সাকির, আদু কাদেরিখানা, ইভানোভিচ, পাকির আলী ও এমেকা ইউজিগো মোহামেডানের ফুটবল কোচের দায়িত্বে ছিলেন।
প্রিমিয়ার ফুটবল লিগের গত ছয়টি আসরে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান। পর্তুগিজ কোচের হাতের ছোঁয়ায় কি এবার অধরা শিরোপা খরা ঘুচবে?