ফিজিকে উড়িয়ে জিমিদের প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে বাংলাদেশ দল হেরেছিল ৩-০ গোলে। তবে আজ দ্বিতীয় ম্যাচে ফিজিকে ৫-১ গোলে হারিয়ে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশিত জয়টা তুলে নিলেন জিমি-চয়নরা।
হকির বিশ্ব মানচিত্রে ফিজি হকির ক্ষুদ্র-শক্তি। ৩৫টি দলের র‌্যাঙ্কিং তালিকায় নেই ওশেনিয়া অঞ্চলের দেশ ফিজি। তবু মওলানা ভাসানী স্টেডিয়ামে নিজেদের সীমিত সামর্থ্য নিয়ে ফিজি ভালোই লড়াই করেছে বাংলাদেশের সঙ্গে। তাই জিমি-চয়নরা অনেক গোলের সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পেরেছেন ‘মাত্র’ পাঁচবার।
শুরু থেকে ঝাঁপিয়ে পড়েও প্রথম গোলটি পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৭ মিনিট পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে ১-০ করেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়ন। কিন্তু ৩২ মিনিটে পাওয়া নিজেদের একমাত্র পেনাল্টি কর্নারে লিভান দত্ত ১-১ করলে বড় ধাক্কাই খেয়ে যায় বাংলাদেশ।
এরপর অবশ্য আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। এই সময় জ্বলে ওঠেন অধিনায়ক জিমি। ৩৭ ও ৪১ মিনিটে তাঁর দুই গোলে ৩-১ হওয়ার পর ব্যবধান বাড়ানোর চেষ্টায় আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। ৫০ মিনিটে পেনাল্টি কর্নারে চতুর্থ গোল এনে দিলেন চয়ন। ৫৮ মিনিটে আশরাফুলের স্টিকে ৫-১।
বাংলাদেশ ১৩টি পেনাল্টি কর্নার পেয়ে গোল পেয়েছে তিনটি, যা নিয়ে টিম ম্যানেজমেন্ট একটু হতাশই। মঙ্গলবার ওমানের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচে সমস্যাটা কাটিয়ে ওঠার ওপর জোর দিলেন কোচ অলিভার কার্টজ। ওমান আজ মালয়েশিয়ার কাছে হেরেছে ৬-১ গোলে।