ফিঞ্চ-তাণ্ডবে কাটল জয়-খরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যারন ফিঞ্চ
অ্যারন ফিঞ্চ

টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে একটা পরিচিতি আছে। কিন্তু গেইল-পোলার্ডদের মতো ‘দানবীয়’ ব্যাপারটি তাঁর ব্যাটিংয়ে কখনোই তেমন ছিল না। সেই অ্যারন ফিঞ্চ পরশু দেখালেন ভিন্ন এক চেহারা। সাউদাম্পটনের এজিয়াস বোলে এমন এক ইনিংস খেললেন, যেগুলোর জন্য যথেষ্ট মনে হচ্ছে না ‘দানবীয়, অতিমানবীয়, বিস্ফোরক’ বিশেষণগুলোও। চমকে দিয়েছেন পুরো ক্রিকেট-বিশ্বকে, খেলার মাঝবিরতিতে জানালেন, খানিকটা চমকে গেছেন নিজেও!
ফিঞ্চের রেকর্ড গড়া ইনিংসে ২০০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল ৩৯ রানে। পরশুর আগে অস্ট্রেলিয়ার সর্বশেষ আন্তর্জাতিক জয় ছিল গত ১০ ফেব্রুয়ারি, মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মাঝের সময়টাতে অস্ট্রেলিয়া খেলেছে ৯ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি।
মুখোমুখি প্রথম বলেই স্টিভেন ফিনকে পুল করে ছয় মেরে শুরু। চোখ-ধাঁধানো সব শটে এরপর নাকাল করে ছেড়েছেন ইংলিশ বোলারদের। বল ফেলার জায়গাই পাচ্ছিলেন না ফিন-ব্রড-ব্রিগসরা। ২৬ বলে ছুঁয়েছেন ফিফটি। পুরো ইনিংসে ‘নার্ভাস নাইনটি’তে গিয়েই কেবল খানিকটা নার্ভাস মনে হলো তাঁকে। তাতেই বেঁচে গেল রিচার্ড লেভির ৪৫ বলে সেঞ্চুরির রেকর্ড। তা ছাড়া রেকর্ডের কথাটা তো তাঁর মনেই ছিল না! দশম ওভারে জো রুটকে টানা তিন ছক্কা ও দুই চারে রান হয়ে গেল ৩৬ বলে ৯১। সেখান থেকে সেঞ্চুরি ছুঁতে আরও ১১ বল। ৪৭ বলে সেঞ্চুরি করায় অক্ষত থাকল লেভির রেকর্ড, তবে ক্ষত-বিক্ষত হতে থাকলেন ইংলিশ বোলাররা। ব্রেন্ডন ম্যাককালামকে (১২৩) ছাড়িয়ে গড়লেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। তিন অঙ্ক থেকে দেড় শ পর্যন্ত যেতে লাগল মাত্র ১৩ বল! ফিফটি, সেঞ্চুরি, ম্যাককালামকে ছাড়ানো ও দেড় শ—প্রতিটি মাইলফলক ছুঁয়েছেন ছক্কায়। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অল্পের জন্য ফসকে গেলেও ছক্কার রেকর্ডে ঠিকই পেছনে ফেলেছেন লেভিকে। জেড ডার্নবাখের স্লোয়ারে প্লেড অন হয়ে যখন শেষ হলো ৬৩ বলে ১৫৬ রানের তাণ্ডব, তখনো বাকি ছিল ১৬ বল!
ডেভিড ওয়ার্নার (১) ফিরে গিয়েছিলেন দ্বিতীয় ওভারেই। দ্বিতীয় উইকেটে শন মার্শের (২১ বলে ২৮) সঙ্গে ৫৫ বলে ১১৪ রানের জুটিতে ফিঞ্চের রানই ৮৪, তৃতীয় উইকেটে শেন ওয়াটসনের (১৬ বলে ৩৭) সঙ্গে ৪১ বলে ১০১ রানের জুটিতে ফিঞ্চের রান ৬৪। অস্ট্রেলিয়া থামে ৬ উইকেটে ২৪৮ রানে। শেষ দিকে ডার্নবাখ (৩/৩৪) খানিকটা রাশ টেনে না ধরলে শ্রীলঙ্কার ২৬০ রানের রেকর্ডটাও বুঝি ভেঙে যেত!
ব্যাট হাতে ইংলিশদের জবাবটা খারাপ হয়নি। ৪২ রানে ৪ উইকেট হারালেও রবি বোপারা (২৯ বলে ৪৫) ও জস বাটলারকে (১৭ বলে ২৭) নিয়ে গ্যালারিভর্তি দর্শককে বিনোদন জুগিয়েছেন জো রুট। জস হ্যাজলউডের বল হেলমেটের গ্রিলে আটকে কেটে গিয়েছিল ঠোঁট, ইংলিশ ক্রিকেটের সময়ের গোল্ডেন বয় তবু দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন ৪৯ বলে ৯০ রানে। ইংল্যান্ড করেছে ২০৯। সিরিজের শেষ টি-টোয়েন্টি আজই, চেস্টার-লি-স্ট্রিটে। ওয়েবসাইট।

রেকর্ডের একদিন
ফিঞ্চের ১৫৬ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, আগের সর্বোচ্চ ব্রেন্ডন ম্যাককালামের ১২৩
ফিঞ্চের ১৪ ছক্কা ইনিংসে সবচেয়ে বেশি ব্যক্তিগত ছয়, আগের সর্বোচ্চ রিচার্ড লেভির ১৩টি
দুই দল মিলিয়ে ৪৫৭ রান এক ম্যাচে সর্বোচ্চ, আগের সর্বোচ্চ ৪২৮ ছিল ২০১০ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার ১৮ ছক্কা ইনিংসে সবচেয়ে বেশি দলীয় ছয়, আগের সর্বোচ্চ ১৭ ছয় ছিল ইংল্যান্ডের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকার, ২০০৯ সালে।
টি-টোয়েন্টির ৩২৮ ম্যাচে এই প্রথম এক ইনিংস পেল দুটি শতরানের জুটি (ফিঞ্চ-মার্শ ও ফিঞ্চ-ওয়াটসন)
এই প্রথম এক ম্যাচে ৪০-এর বেশি রান দিয়েছেন সাত বোলার
অস্ট্রেলিয়ার ২৪৮ টেস্ট দেশগুলোর বিপক্ষে সর্বোচ্চ টি-টোয়েন্টি ইনিংস, এর চেয়ে বড় ইনিংস শুধু কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০।
ফিঞ্চ ১৫৬, ওয়াটসন ৩৭—দলের সর্বোচ্চ দুই স্কোরারের ১১৯ রানের ব্যবধানও একটি রেকর্ড

অভিষেক ইনিংসে রুটের ৯০ রানের চেয়ে বেশি করেছেন কেবল রিকি পন্টিং, ৯৮*।