ফিঞ্চ-বেইলির ব্যাটে অস্ট্রেলিয়ার ৩০৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৫ রানের ইনিংসের পথে জর্জ বেইলি
৮৫ রানের ইনিংসের পথে জর্জ বেইলি

শুরুটা দুর্দান্ত। ফিল হিউজ ও অ্যারোন ফিঞ্চের উদ্বোধনী জুটিতেই ১১০ রান। এরপর অধিনায়ক জর্জ বেইলির ৮৫ রানের অনবদ্য এক ইনিংস। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া তুলেছে ৮ উইকেটে ৩০৪ রান।

পুনের এই মাঠে এটাই প্রথম ওয়ানডে। এর আগে একটাই আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। সেটিও টি-টোয়েন্টি। সেই ম্যাচে ইংল্যান্ডের বেঁধে দেওয়া ১৫৮ রানের লক্ষ্যটা অনায়াসে পেরিয়ে গিয়েছিল ভারত। তা ছাড়া অস্ট্রেলিয়ার এবারের সফরের উদ্বোধনী টি-টোয়েন্টিতেও দুই শর বেশি রান তাড়া করে জিতেছে স্বাগতিকেরা। ফলে আজ তিন শ পেরিয়েও সাত ম্যাচ সিরিজের শুরুটা অস্ট্রেলিয়া জয় দিয়েই করতে পারে কি না, সেটাই দেখার।

দিবারাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অধিনায়কের সিদ্ধান্তটা যে ঠিক ছিল, সেটাই বুঝিয়ে দেন দুই ওপেনার। হিউজ সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৪৭ রানে (৫৩ বলে)। ৮ চার আর ৩ ছক্কায় ৭৯ বলে ৭২ রান করেন ফিঞ্চ। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর বড় কোনো জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তবে বুক চিতিয়ে লড়েন অধিনায়ক বেইলি নিজে। একপ্রান্তে দেয়াল হয়ে দাঁড়িয়ে নিশ্চিত করেন দলের বড় সংগ্রহ।

বেইলি যখন ফেরেন তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৬৪ রান। তাঁর ৮২ বলে ৮৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার দিয়ে। মাঝে ২৩ বলে ৩১ রান করে আউট হন ম্যাক্সওয়েল। শেষের দিকে ফুলনারের ২২ বলে ২৭ এবং ম্যাকাইয়ের ৪ বলে অপরাজিত ১১ রানের ইনিংসটা দলীয় সংগ্রহ ৩০০ পেরোতে সহায়তা করে।

ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ও যুবরাজ সিং প্রত্যেকে দুটি করে উইকেট নেন। একটি উইকেট নিলেও বোলারদের বেহিসেবি দিনে ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়েছেন রবীন্দ্র জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ৩০৪/৮ (৫০ ওভার)

বেইলি ৮৫, ফিঞ্চ ৭২, হিউজ ৪৭, ম্যাক্সওয়েল ৩১

যুবরাজ ২/৩৪, অশ্বিন ২/৫৫

সূত্র: ক্রিকইনফো।