ফিঞ্চের ব্যাটে অস্ট্রেলিয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর অ্যারন ফিঞ্চ। ১২১ রানের দারুণ এক ইনিংসে কাল অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন এই ওপেনার ওয়েবসাইট
সেঞ্চুরির পর অ্যারন ফিঞ্চ। ১২১ রানের দারুণ এক ইনিংসে কাল অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন এই ওপেনার ওয়েবসাইট

প্রায় একই রকম দেখতে, উচ্চতা-শারীরিক গড়নে দারুণ মিল। দূর থেকে দেখলে অ্যারন ফিঞ্চকে অনেক সময়ই মনে হয় যেন ডানহাতি ওয়ার্নার, কখনো ওয়ার্নারকে বাঁহাতি ফিঞ্চ। ব্যাটিং-দর্শনও দুজনের একই—বল জিনিসটা পেটানোর জন্যই। কাল অবশ্য সেরা বিধ্বংসী চেহারায় ছিলেন না দুজন। তবে যা করলেন, ইংল্যান্ড উড়ে গেল তাতেই। ২৭০ রান তাড়ায় উদ্বোধনী জুটিই ১৬৩ তুলে ফেললে ম্যাচে আর থাকে কী!

তার পরও কিছু ছিল। অস্ট্রেলিয়া জয়ের আনুষ্ঠানিকতা সারার আগে অ্যারন ফিঞ্চ তুলে নিলেন দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। নাম লেখালেন ইতিহাসে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই প্রথম ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডে সেঞ্চুরি করলেন এক ভিক্টোরিয়ান!

সাড়ে চার মাস আগে ফিঞ্চের একটি ইনিংস ছিল অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার টনিক। ইংল্যান্ডের মাটিতে ৩-০-তে অ্যাশেজ হারার চার দিন পর ফিঞ্চ করেছিলেন টি-টোয়েন্টি রেকর্ড ১৫৬ (৬৩ বলে)। এবার ইংল্যান্ডের ভগ্ন মনোবল আরেকটু গুঁড়িয়ে দিলেন। ২৭ বছর বয়সী ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরি আর ওয়ার্নারের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটিতেই ২৭০ রান তাড়া করল অস্ট্রেলিয়া অনায়াসে। ১-০-তে এগিয়ে গেল ৫ ম্যাচ সিরিজে।

ফিঞ্চ অবশ্য একটা ধন্যবাদ জানাতে পারেন গ্যারি ব্যালান্সকে। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই দারুণ এক ইনিংস খেলে ব্যালান্স বিপদ থেকে উদ্ধার করেছিলেন দলকে। কিন্তু জিম্বাবুইয়ান বংশোদ্ভূত ব্যাটসম্যান পরে ৮ রানে ক্যাচ ছাড়লেন ফিঞ্চের, আর আস্তে আস্তে হাতছাড়া হতে দেখলেন ম্যাচ! ৪৭ বলে ৫০ ছুঁয়েছেন ফিঞ্চ, ১০৮ বলে সেঞ্চুরি। তাঁর আগের ওয়ানডে সেঞ্চুরিটি ছিল আইরিশদের বিপক্ষে ১১৪ বলে ১৪৮। উদ্বোধনী জুটিটি অবশ্য ভাঙতে পারত ৮২ রানেও। স্টোকসের বলে কট বিহাইন্ড হয়েছেন ভেবে মাঠ প্রায় ছেড়েই গিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু টিভি রিপ্লেতে দেখাল বাটলারের গ্লাভসে জমা পড়ার আগে ঘাস ছুঁয়েছে বল। কপাল পুড়ল ইংল্যান্ডের।

টস জিতে ২২ রানে ২ উইকেট হারানো ইংলিশদের হয়ে একপ্রান্ত আগলে রেখেছিলেন ব্যালান্স (৯৬ বলে ৭৯)। এউইন মরগান করেছেন ৪৭ বলে ৫০, শেষ দিকে জস বাটলারের ২৪ বলে ৩৪ রানে ইংল্যান্ড ২৬৯। কিন্তু ফিঞ্চ-ওয়ার্নারের ব্যাটে পাত্তাই পায়নি ওই স্কোর! স্টার স্পোর্টস ১।

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৬৯/৭ (কুক ৪, বেল ৪১, রুট ৩, ব্যালান্স ৭৯, মরগান ৫০, বোপারা ১৭, স্টোকস ২১, বাটলার ৩৪*, ব্রেসনান ১৬*; ম্যাকাই ৩/৪৪, ডোহার্টি ১/২৯, ম্যাক্সওয়েল ১/৪০, কোল্টার-নাইল ১/৫১, ফকনার ১/৬৮)। অস্ট্রেলিয়া: ৪৫.৪ ওভারে ২৭০/৪ (ফিঞ্চ ১২১, ওয়ার্নার ৬৫, ওয়াটসন ০, ক্লার্ক ৪৩, বেইলি ১৭*, ম্যাক্সওয়েল ৮*; রুট ১/১১, জর্ডান ১/৫০, ব্রেসনান ১/৫৬, স্টোকস ১/৬৪)। ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অ্যারন ফিঞ্চ।