ফিট না থাকলে জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিট না থাকলেই জরিমানা গুণতে হবে পাক ক্রিকেটারদের, ছবি: এএফপি
ফিট না থাকলেই জরিমানা গুণতে হবে পাক ক্রিকেটারদের, ছবি: এএফপি

সামনে কঠিন দিনই আসছে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য। ফিটনেস-সংক্রান্ত ব্যাপারে কোনো ধরনের ছাড় না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত নির্বাচক কমিটি। কোনো খেলোয়াড় যদি তাঁর ফিটনেসের প্রয়োজনীয় মান বজায় রাখতে না পারেন, তাহলে তাঁকে দল থেকে তো বাদ পড়তেই হবে, গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

নিজেদের এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মঈন খানই, ‘কোনো খেলোয়াড় যদি তার শারীরিক ও মানসিক শক্তি না বাড়াতে পারেন, তাহলে তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো মানে হয় না।’

প্রধান নির্বাচক মঈন খান একাধারে জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারও। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটাররা যথেষ্ট প্রতিভাবান, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রতিভার সঙ্গে সঙ্গে ফিটনেসের মানও বাড়িয়ে তুলতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

মঈন খান সংবাদ সম্মেলনে আগামী বিশ্বকাপকে সামনে রেখে ৩৬ জন ক্রিকেটারের একটি তালিকাও তুলে ধরেন। এই তালিকার খেলোয়াড়দের কেন্দ্র করেই ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তান দল গঠন করা হবে। এই দলে নেই আবদুল রাজ্জাক, কামরান আকমল ও শোয়েব মালিকের মতো তারকা ক্রিকেটাররা। তবে অনেককেই অবাক করে দিয়ে ৩৬ জনের তালিকায় স্থান করে নিয়েছেন অনেক দিন ধরেই পাদপ্রদীপের আলোর বাইরে থাকা ইয়াসির হামিদ, ইমরান ফরহাত ও তৌফিক উমরের মতো ক্রিকেটাররা। রয়টার্স।