ফিটনেস ট্রেনার আনবেন ডি ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ লোডভিক ডি ক্রুইফ তাঁর সহকারী রেনে কোস্টারকে নিয়ে চার দিন ধরে সুপার কাপের ৮টি ম্যাচ দেখেছেন। আগামী সেপ্টেম্বরের সাফ ফুটবলের প্রাথমিক দল বাছাই করতেই তাঁদের খেলা দেখা। আজ রাতে হল্যান্ডে ফিরে যাওয়ার আগে লোডভিক ডি ক্রুইফ বাছাই করা একটা খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু যোবায়ের নিপুর হাতে।তবে প্রাথমিকভাবে কোন কোন খেলোয়াড়কে তিনি বাছাই করলেন গণমাধ্যমকে জানাতে রাজি হননি। শুধু বললেন, দু-এক দিনের মধ্যে প্রাথমিক দলটা ঘোষণা করতে পারে বাফুফে।সুপার কাপটা বিদেশি খেলোয়াড়বিহীন হওয়ায় কাজটা সহজ হয়েছে ক্রুইফের জন্য। জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করার পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের জন্যও কিছু খেলোয়াড় বাছাই করেছেন। রক্ষণভাগ, মাঝমাঠের খেলোয়াড় যা-ই হোক, ভালো মানের কয়েকজন স্ট্রাইকার পেয়েছেন বলে জানালেন ডি ক্রুইফ।খেলোয়াড় বাছাইয়ের কাজটা স্বস্তির সঙ্গে করেছেন, তবে ডি ক্রুইফের জন্য অস্বস্তির ব্যাপার খেলোয়াড়দের ফিটনেস। খেলোয়াড়দের ফিটনেস খুবই বাজে অবস্থায় আছে। এই ফিটনেস বাড়াতেই হল্যান্ড থেকে এক ফিটনেস ট্রেনার আনবেন। সবকিছু ঠিক থাকলে ১ জুলাই ডি ক্রুইফের সঙ্গে হয়তো একজন ফিটনেস ট্রেনারকেও পাবে বাংলাদেশ দল। জাতীয় দলের নতুন কোচ বললেন, ‘নেপালে এএফসি চ্যালেঞ্জ কাপে খেলতে যাওয়ার আগে দেখেছি খেলোয়াড়েরা ফিটনেস সচেতন নয়। এ জন্যই আমি ফিটনেস কোচ আনার দাবি জানিয়েছি সালাউদ্দিন সাহেবের কাছে। উনি রাজি হয়েছেন।’১০ জুলাই অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে জাতীয় ফুটবল দল। বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন কোচ, ‘এটা আমাদের জন্য খুবই ভালো সুযোগ। ভিন্ন পরিবেশে ম্যাচ খেলতে ও অনুশীলন করতে পারলে সেটা ভালোই হবে।’ তবে এ মুহূর্তে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে খেলার ব্যাপারে আগ্রহী নন তিনি, ‘র্যাঙ্কিংয়ে ১৫০ বা ১৬০-এর মধ্যে থাকা দলগুলোর সঙ্গে খেললেই আমাদের বেশি লাভ হবে।’