ফিটনেসেও মেসি সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে ছোটখাটো। তেমন পেশিবহুল শরীরও নয়। বিশ্বের সব ডিফেন্ডারের বিপজ্জনক ট্যাকেলের শিকার হতে হয় হরহামেশাই। তার পরও লিওনেল মেসি সদর্পে খেলে বেড়াচ্ছেন। খেলছেন ক্লান্তিহীন। পুরো ৯০ মিনিট। শুধু তা-ই নয়, মেসি ইনজুরিতেও পড়েন খুব কমই। সর্বশেষ তিনটা মৌসুমেই ক্লাবের হয়ে খেলেছেন ৫০টিরও বেশি করে ম্যাচ। এর সঙ্গে আন্তর্জাতিক ম্যাচগুলোর সংখ্যাও যোগ করতে পারেন। প্রতি ম্যাচে গোল করাটা যেমন বিস্ময়ের, এটাও কম বিস্ময়ের নয়, মেসির ফিটনেস এত ভালো হলো কী করে!বিস্ময়ের উত্তরটা দিতে পারতেন যিনি, রিকার্ড প্রুনা নিজেও যেন বিস্মিত। মেসিকে বার্সেলোনার সবচেয়ে ফিট খেলোয়াড় ঘোষণা করে বার্সেলোনার এই চিকিৎসক বলছেন, ‘আমি লিওর পরিণতবোধ আর ও যে প্রক্রিয়ায় নিজেকে ফিট রাখে এটার কথাই বড় করে বলতে চাই। নিজের বিশ্রামের সময়টাকে ভালোভাবে ব্যবহার এবং সঠিক খাদ্যাভাস ওকে পরিশ্রমের ধকল সামলে নিতে সাহায্য করে। বার্সেলোনার সবচেয়ে ফিট খেলোয়াড়দের একজন সে। নিজেকে ইনজুরিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে, সেটা মেসি খুব ভালোভাবেই জানে।’শরীরবর্ধক হরমোনের ঘাটতি নিয়ে বার্সেলোনায় পা রেখেছিলেন মেসি। সেই মেসিকে বিশ্বের সেরা অ্যাথলেটদের একজন বানিয়ে তোলার পেছনে অবদান রেখেছেন হুয়ানজো ব্রাউ। বার্সেলোনার ফিজিও ও ফিটনেস কোচ ব্রাউ এখন মেসির ছায়াসঙ্গী হিসেবে থাকেন সব সময়। এমনকি জাতীয় দলের হয়ে মেসি খেলতে গেলেও বার্সার প্রতিনিধি হিসেবে মাঝেমধ্যেই উড়ে যান ব্রাউ।এবারও সঙ্গী হতে পারেন। ক্লাব থেকে ছুটি নিয়ে মেসি যে আবার উড়ে গেছেন আর্জেন্টিনায়। ৭ অক্টোবর শুরু ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলা। ওই দিন চিলির সঙ্গে ম্যাচ আছে আর্জেন্টিনার। ১১ অক্টোবর আবার ভেনেজুয়েলার সঙ্গে খেলা। গতবার বাছাইপর্ব পেরোতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আর্জেন্টিনাকে। কিন্তু আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে নতুন যুগের ঘোষণাও দিলেন মেসি, ‘যে ধরনের ফলাফল আশা করছি, আমরা তা পাচ্ছি না। আমাদের ব্যর্থতার পাল্লা অনেক ভারী হয়েছে। আশা করি, চিলির সঙ্গে ম্যাচ দিয়ে আমাদের জয়ের দিকে যাত্রা শুরু হবে। যদিও বাছাইপর্বের ম্যাচগুলো দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। কারণ সবগুলো দলই এখন প্রায় সমমানের। মাঝমাঠের দখল নিয়ে দলগুলো এখন আপনার কাজটা কঠিন করে তুলতে পারে।’ ওয়েবসাইট।