ফিটনেসের দুশ্চিন্তায় ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজবাস্টনের দ্বিতীয় টেস্টে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি নিষেধাজ্ঞা আর অবসর ভেঙে দলে ফেরা মোহাম্মদ ইউসুফ। আগামী বুধবার থেকে শুরু ওভালের তৃতীয় টেস্টে কি দেখা যাবে ইউসুফকে? সম্ভাবনার দুয়ার পুরোটাই খোলা। তবে ইউসুফ নিজেই বলছেন, ফিটনেসে ঘাটতি আছে তাঁর। পাঁচ দিনের ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পেতে আরও অনুশীলন করা চাই তাঁর।চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। ট্রেন্টব্রিজ ও এজবাস্টন টেস্টের বিশাল পরাজয়ে লজ্জাজনক দিক হলো তাদের দুটি ইনিংস ৮০ ও ৭২ রানে গুটিয়ে যাওয়া। দলের নড়বড়ে ব্যাটিং লাইনআপে একটু স্থিতি আনতেই নিষেধাজ্ঞার শেকল খুলে তড়িঘড়ি ইউসুফকে দলে ফেরান নির্বাচকেরা। দ্বিতীয় টেস্টেই ইউসুফকে মাঠে নামিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। পরে শোনা গেছে, স্বেচ্ছায় একাদশের বাইরে ছিলেন তিনি। উস্টারশায়ারের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালোই করেছিলেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। আট চারে ৫৪ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন আগের দিন, দ্বিতীয় দিনে আর খেলাই হতে দেয়নি বৃষ্টি। কিন্তু তিনি নিজে চেয়েছিলেন আরও খানিক সময় ব্যাটিং করতে, ‘উইকেটে আরও কিছু সময় কাটাতে পারলে খুবই ভালো হতো।’ এএফপি।তার পরও তৃতীয় টেস্টে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ টেস্ট রানের মালিকের (৮৮ টেস্টে ৭৪৩১ রান) মাঠে নামা একরকম নিশ্চিতই। কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছেন গত এজবাস্টন টেস্টে অভিষেক হওয়া জুলকারনাইন হায়দার। অভিষেকেই ৮৮ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলা এই উইকেটকিপার ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডের ছোড়া বলে চোট পেয়েছেন আঙুলে।কিন্তু ইউসুফের ম্যাচ ফিটনেস তো নেই। ফিটনেস না থাকাটা স্বাভাবিক। সেই জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন শেষ টেস্ট, তার পর থেকেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটের বাইরে। তাই সরল স্বীকারোক্তিই করেছেন এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ টেস্ট রানের বিশ্ব রেকর্ড গড়া ব্যাটসম্যান, ‘আমি পুরোপুরি টেস্ট ম্যাচের জন্য ফিট নই। তবে দেশের প্রয়োজনে আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাব।’ ওভালে হারলেই খোয়া যাবে সিরিজ। কিন্তু ইউসুফের আশা, ওভালেই ঘুরে দাঁড়াবে পাকিস্তান, ‘আমি আশাবাদী, আমরা ওভালেই ঘুরে দাঁড়াতে পারব এবং সিরিজে ফিরে আসব।’