ফিটনেসের সঙ্গে আরও অনেক কিছুই
জীবনের চিত্রনাট্য অনেক সময় পুনর্মঞ্চস্থ হয়। কারও কারও কাছে ব্যাপারটা সে রকম। অনেকের জন্য সময়টা একঘেয়ে, বিনোদনহীন। কেউ বা বলছেন, ‘অনেক কষ্ট’। তবে সবার কথার তলানিতেই থাকছে, ‘উপভোগ করছি’।ক্রিকেটহীন সময়ে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্পও খবর। কাল সেটা আরও বড় খবর। কারণ, বিসিবির সৌজন্যে ঢাকা থেকে একদল সাংবাদিক বাসে চড়ে বিকেএসপিতে গেলেন ক্রিকেটারদের ক্যাম্পজীবন দেখতে। তা, কী নেই সেই জীবনে? মাথার ঘাম পায়ে ফেলার কষ্ট, হোস্টেল-জীবনের স্বাদ আর মফস্বলের তরুণদের মতো বৈকালিক আড্ডায় বিনোদন খোঁজা। আর এসব কিছু মিলিয়ে জীবনের করিডরে যে ছোট্ট একটা খোলা জানালা খুঁজে পাচ্ছেন ক্রিকেটাররা, সেটা উপভোগের বাতাসই তো দিচ্ছে!সকালে অ্যাথলেটিক ট্র্যাকে পৌঁছে একটু খারাপই লাগল ক্রিকেটারদের দৌড়ের শেষাংশ দেখে। ক্লান্তিতে নুয়ে পড়ছে প্রতিটা শরীর। কথা বলতে কষ্ট হচ্ছিল পেসার রবিউল ইসলামের। তার মধ্যেই হাঁপাতে হাঁপাতে বললেন, ‘টানা চার কিলোমিটার দৌড়ালাম।’সেই দৌড়ও আবার যেনতেন দৌড় নয়, বুকে হার্টরেট মনিটর বেঁধে দৌড়। কম্পিউটার চিপ লাগানো কালো বেল্টের মতো এই জিনিস দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে এসেছেন ট্রেনার গ্রান্ট লুডেন। মূলত খেলোয়াড়দের ফাঁকিবাজি ধরার যন্ত্র। এই বেল্ট বুকে বেঁধে দৌড়ালে আপনি কত দূরত্ব বা কত সময় দৌড়ালেন, খুব জোরে দৌড়ালেন নাকি কৌশলে দৌড়ের মধ্যেই বিশ্রাম নিয়ে নিলেন, কিংবা দৌড়ে কতটা ক্যালরি খরচ করলেন—সব তথ্যই জমা হয়ে যাবে কম্পিউটার চিপে। ট্রেনার পরে সেসব তথ্য দেখে যা বোঝার বুঝে নেবেন। বুকে এমন ফাঁদ বেঁধে ফাঁকি দেওয়ার ঝুঁকি কে নেয়!তার পরও দৌড়-টৌড়ে যাঁদের আগ্রহ কম, বিকেলে ফুটবল সেশনে তাঁরাও যথেষ্ট উৎসাহী। নিজেরা নিজেরাই নাম বদলে হয়ে গেলেন মেসি-ভিয়া-ক্রিস্টিয়ানো রোনালদো। বিকেএসপির এক ফুটবল কোচ প্রথমে ফুটবলের কিছু কলাকৌশল শেখালেন। তারপর ম্যাচ খেলা এবং তাতে একদল আরেক দলকে হারাল ৫-৩ গোলে। কে কোন দলে খেললেন, কে কয়টা গোল করলেন, সেটা বিবেচ্য নয়। কারণ, ম্যাচটা সৌহার্দ্যের। গোলের খেলা ফুটবলের আড়ালে ফিটনেসের পরীক্ষা। খেলোয়াড়ি খুনসুটিতে সম্পর্কের সুতাগুলোকে আরেকটু মজবুত করে তোলার উপলক্ষও কি নয়?আজ শেষ হতে যাওয়া বিকেএসপির আবাসিক ক্যাম্প ক্রিকেটারদের এই উপকারটা বেশ করছে। আন্তর্জাতিক ক্রিকেট এখন এতটাই ভিআইপি আবরণে ঘেরা যে ‘রুমমেট’ শব্দটা অনেক দিনই পরিত্যক্ত। সফর বা সিরিজের সময় পাঁচ তারকা হোটেলে সবার আলাদা রুম। ফেসবুক-ইন্টারনেট-স্যাটেলাইটের যুগে খেলা বা অনুশীলন ছাড়া সেই রুম থেকে বের হওয়া কঠিন কাজ। এমনকি খাবার টেবিলেও অনেক সময় সব কটি মুখ একসঙ্গে দেখা যায় না। এই জায়গায় বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেল অনেকটা ওই হার্টরেট মনিটরের মতোই কাজ করছে। হার্টরেট মনিটরে ফাঁকিবাজি লুকানোর উপায় নেই, এক রুমে দুজন করে থাকতে হওয়ায় আন্তর্জাতিক হোস্টেলও খুলে দিতে বাধ্য মনের জানালা। রুমে টেলিভিশন নেই বলে যেতে হচ্ছে টিভি রুমে, সেটাও দেখা-সাক্ষাতের একটা উপলক্ষ। ফিজিও গ্রান্ট লুডেন কন্ডিশনিং ক্যাম্প থেকে আরেকটা প্রাপ্তিও দেখছেন, ‘এখানে কেউ কারও কাছে কিছু লুকোচ্ছে না। সবাই একসঙ্গে থাকছে, খাচ্ছে, ট্রেনিং করছে। আর আমার মনে হয়, ওদের জন্য সবচেয়ে ভালো বিনোদনটাও এখানেই হচ্ছে। বিকেএসপির পরিবেশ দারুণ। বিকেলে বা সন্ধ্যায় ছেলেরা একসঙ্গে হাঁটতে যাচ্ছে, গল্প করছে। ওটাও তো বিনোদন।’কারও কারও কাছে অবশ্য বিকেএসপির পাঁচ দিন বিনোদনের চেয়েও বেশি কিছু। আবদুর রাজ্জাক, মুশফিকুর রহিম, নাঈম ইসলামের মতো অনেকেরই শিকড় এখানে। বিকেএসপির সাবেক ছাত্র তাঁরা, চলতে-ফিরতে দেখা হয়ে যাচ্ছে পুরোনো পরিচিতজনদের সঙ্গে। ক্যাফেটেরিয়া বা কলেজ ভবনের সামনে দিয়ে হেঁটে যাওয়া আজকের কোনো ছাত্রের মধ্যে হয়তো দেখেন নিজের অতীত। নাঈম তো বললেনই, ‘এখানে কয়টা দিন থাকতে পেরে অসম্ভব ভালো লাগছে। বিকেএসপিতে সবই পরিচিত, যেন বাড়ি ফিরে এসেছি।’ বিকেএসপি নস্টালজিক করছে মুশফিকুরকেও, ‘সেই হকি মাঠ, সেই অ্যাথলেটিকস ট্র্যাক, যেখানে দৌড়ে বড় হয়েছি, সেখানে এসেই আবার দৌড়াচ্ছি, আবার কষ্ট করছি। ছাত্রজীবনের কথা মনে পড়ে যাচ্ছে।’কষ্ট-সুখ যেখানে একবিন্দুতে, সময়ের ব্যস্ত চক্রও যেখানে দেয় ফ্ল্যাশব্যাকের খণ্ড খণ্ড রোমাঞ্চ, জীবন তো সেটাই! ক্রিকেটারদের জন্য বিকেএসপির পাঁচ দিন সেই জীবনেরই এক রিল প্রামাণ্যচিত্র।